
শেষ আপডেট: 13 December 2023 21:30
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি টি ২০ ক্রম তালিকায় শীর্ষস্থানে এলেন ভারতের সূর্যকুমার যাদব। যিনি বর্তমানে টি ২০ দলে জাতীয় দলের অধিনায়কও। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় খেলছে দল। এমনকী সূর্য সম্প্রতি ভাল কয়েকটি ইনিংসও উপহার দিয়েছেন। সেই কারণে তিনি বাকিদের টপকে শীর্ষে চলে এসেছেন।
এদিকে, ক্রম তালিকায় বড় উন্নতি হয়েছে রিঙ্কু সিংয়ের। তিনিও বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় স্থান করে নিয়েছেন। রিঙ্কু ৪৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৯তম স্থানে উঠে এসেছেন। বর্তমানে তাঁর ঝুলিতে ৪৬৪ রেটিং পয়েন্ট রয়েছে। রোহিত শর্মা, শুভমন গিল, আফিফ হুসেনেরও সমান সংখ্যক পয়েন্ট রয়েছে তাঁর।
মঙ্গলবার আবার তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন রিঙ্কু। তিনি ৩৯ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৮ রান করেন। রিঙ্কু প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরিও পেলেন।
দলের অধিনায়ক সূর্য ১০ পয়েন্ট অর্জন করে মোট পান ৮৬৫ নম্বর। সূর্য ছাড়াও শীর্ষ দশ জনের তালিকায় রয়েছেন ভারতের ঋতুরাজ গায়কোয়াড় (৬৮১ পয়েন্ট)। তিনি সাতে রয়েছেন তালিকায়।