
শেষ আপডেট: 18 March 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: চাকদহ এক্সপ্রেস খ্যাত ঝুলন গোস্বামীর বায়োপিক ঘিরে জটিলতা তৈরি হয়েছে। আগামী জুন মাসে এই সিনেমা রিলিজ হওয়ার কথা থাকলেও সেটি নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত পাঁচবছরে অনুষ্কার কোনও সিনেমা রিলিজ হয়নি। ভাবা গিয়েছিল ঝুলনের নাম ভূমিকায় অভিনয় করে অনুষ্কা ফের আলো কেড়ে নেবেন। সিনেমার শুটিংও হয়ে গিয়েছে লন্ডন, কলকাতা ও চাকদহ গ্রামে। কিন্তু ওই ছবির প্রয়োজন সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের চুক্তি ভেঙে গিয়েছে।
শুধু তাই নয়, এই ক্লিন স্লেট ফিল্মস হল অনুষ্কার ভাই কার্নেশ শর্মার। দিদি ও ভাই মিলে এই সংস্থা খুলেছিলেন। তাঁদের ব্যানারে মুক্তি পেয়েছে পরি, বুলবুল, কলার মতো সিনেমা। ভাবা গিয়েছিল, ঝুলনের বায়োপিক মুক্তি পেলে আবার লাভের মুখ দেখবে এই সংস্থা। কিন্তু সেটি হচ্ছে না। এমনকী আফগানি স্নো-র মুক্তিও আটকে গিয়েছে।
এর আগে অভিষেক বচ্চনের বব বিশ্বাস সিনেমাও নেটফ্লিক্স থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও একই সমস্যায় হয়নি। তারপর জি ফাইভে তা মুক্তি পায়। ঝুলনের বায়োপিকের ক্ষেত্রে সেরকম কিছু হলে অনুষ্কার পরিশ্রম সার্থক হবে। এমনকী স্বপ্ন পূরণ হবে বাংলার কিংবদন্তি মহিলা পেসারেরও।
প্রসঙ্গত, অনুষ্কার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’ দিনের আলো দেখেছিল ২০১৮ সালে। সেই সিনেমায় বিরাট পত্নীর সঙ্গে ছিলেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। ছ’বছরের মাথায় ক্রিকেটার হিসেবে সেলুলয়েডে আসার প্রেক্ষাপট বাতিল হতে চলেছে।