দ্য ওয়াল ব্যুরো: বিদেশ হোক কিংবা স্বদেশ, ভারতীয় দল টেস্ট খেলছে, অথচ দলের পাঁচ বোলারের মোট টেস্ট সংখ্যা চার, সেটি ভাবতেও কেমন লাগে। এবং তাঁদের মোট উইকেটসংখ্যা জানলেও অবাক হতে হয়।
এমন নজির ভারতীয় ক্রিকেটে নেই, তাও আবার অস্ট্রেলিয়ার মাঠে। যাঁদের মধ্যে দুজন শুক্রবারই দেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নামলেন। তাঁরা হলেন টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর।
বাকি তিন বোলারের মধ্যে সিরাজ একমাত্র দুটি খেলেছেন, তিনি বাকি শার্দুল ঠাকুর ও নবদীপ সাইনির থেকে একটি টেস্ট সিনিয়র।
বুমরা নেই, উমেশ যাদব, ঈশান্ত শর্মা ও মহম্মদ সামিও চোটের জন্য বাইরে। চোটই শেষ করে দিল এবার সফর। সেই কারণেই বিশেষজ্ঞদের সবাই প্রায় বলছেন, আইপিএলই শেষ করে দিল এবার সফর, কেননা টানা ক্রিকেট খেলে সকলেই ক্লান্ত। প্রায় চার মাস তাঁরা বাড়ির বাইরে।
https://twitter.com/BCCI/status/1349859136717025280
এবার করোনার কারণে সব ক্রিকেটারই দীর্ঘদিন ঘরের মধ্যে ছিলেন। প্র্যাকটিস কিংবা ভাল করে শারীরিক কসরৎ হয়নি। তার মধ্যে লকডাউন শেষ করেই ফের ক্রিকেট খেলতে নামতে হয়েছে, তারপর থেকে টানা চলছে। সেই জন্যই পুরো ভারতীয় দল ছোটখাটো হাসপাতালের রূপ নিয়েছে।
সেটি না হয় একটি বিষয়, কিন্তু দুটি দলের পেসারদের অভিজ্ঞতার পরিসংখ্যান সামনে রাখলে রীতিমতো অবাক হতে হয়। অস্ট্রেলিয়ার চার বোলারের মোট টেস্ট উইকেটসংখ্যা ১০১৩। আর ভারতের চার বোলারের উইকেট সংখ্যা সেখানে ১১টি উইকেট। ভাবা যায়!
একবার নজর দিন পরিসংখ্যানে
ভারত
মহম্মদ সিরাজ – ২ টেস্ট, ৪ ইনিংস, ৭ উইকেট
শার্দূল ঠাকুর – ১ টেস্ট, ১ ইনিংস, ০ উইকেট
নবদীপ সাইনি – ১ টেস্ট, ২ ইনিংস, ৪ উইকেট
টি নটরাজন – অভিষেক-টেস্ট
ওয়াশিংটন সুন্দর – অভিষেক-টেস্ট
মোট – ৪ টেস্ট, ৭ ইনিংস, ১১ উইকেট
অস্ট্রেলিয়া
নাথান লিয়ন – ৯৯ টেস্ট, ১৮৯ ইনিংস, ৩৯৬ উইকেট
মিচেল স্টার্ক – ৬০ টেস্ট, ১১৫ ইনিংস, ২৫৩ উইকেট
জস হ্যাজেলউড – ৫৪ টেস্ট, ১০১ ইনিংস, ২০৬ উইকেট
প্যাট কামিন্স – ৩৩ টেস্ট, ৬৩ ইনিংস, ১৫৮ উইকেট
মোট – ২৪৬ টেস্ট, ৪৬৮ ইনিংস, ১০১৩ উইকেট