দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের একদা আইকন সোনি নর্ডি সই করলেন মালয়েশিয়ার ক্লাব মেলেকা ইউনাইটেডে। বৃহস্পতিবারই চুক্তিপত্রে স্বাক্ষর করে সোনি সেই ছবি নিজেই টুইট করেছেন।
মালয়েশিয়ার প্রিমিয়ার লিগের নামী ক্লাব এই মেলেকা ইউনাইটেড। ৯৭ বছরের পুরনো এই ক্লাবের কোচ জয়নাল আবেদিন হাসান। সোনির সঙ্গে এই ক্লাবটি এক মরসুমের জন্যই চুক্তি করেছে।
সোনি যোগদান করতে মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি কেউ কেউ এও বলেছেন, ‘‘সোনি আপনি আরও একবার ভারতে খেলতে আসার কথা ভাবতে পারতেন। আপনাকে আমরা খুব মিস করি।’’
https://twitter.com/KhelNow/status/1359900011224420357
এদিকে তার মধ্যেই এএফসি কাপ খেলার কথা ভেবে এটিকে-মোহনবাগান আরও দুই বিদেশী নিয়োগ করতে পারে। শোনা গিয়েছে, ইরানের নামী তারকা মুস্তাফা আমিরিকে নিতে পারে তারা। এই নিয়ে কথাও অনেকটা এগিয়েছে বলে খবর।
পাশাপাশি রয় কৃষ্ণকে নিয়ে জানা গিয়েছে তিনি আগামী মরসুমে এটিকে-মোহনবাগানে নাও থাকতে পারেন। কারণ রয় কৃষ্ণের যা আর্থিক চাহিদা, তা দিতে নারাজ সবুজ মেরুন কর্তারা। রয় কৃষ্ণের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি-র, এমনকি এফসি গোয়াও তাঁকে বড় অঙ্কে নিতে আগ্রহী। যদিও বেঙ্গালুরু ভাল দল গড়ার লক্ষ্যে কৃষ্ণকে নিতে মরিয়া। তারা পাঁচ কোটি টাকা পর্যন্ত দিতে পারে ফিজির এই গোলমেশিনকে।
এএফসি কাপকে গুরুত্ব দিচ্ছে এটিকে-মোহনবাগান। তারা সব ম্যাচ যুবভারতীতে খেলতে চায়, সেই জানিয়ে চিঠি দিয়েছে এশীয় ফুটবল কনফেডারেশনকে। এএফসি কাপে মোহনবাগানের গ্রুপে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা ক্লাব, মালদ্বীপের মাজিয়া ক্লাব।