দ্য ওয়াল ব্যুরো: পরপর ৫ ম্যাচে জয় পেয়ে দুরন্তভাবে আইপিএলে ফিরে এসেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। রাজস্থানের বিরুদ্ধে জিতলেই প্লে-অফে এক পা দিয়ে দিত লোকেশ রাহুলের দল। কিন্তু সামনে ছিল এমন এক দল যারা আগের ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। সেই ফর্মই ফের একবার দেখা গেল রাজস্থানের ব্যাটসম্যানদের মধ্যে। টপ অর্ডার রান পেল। আর তার ফলেই কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে দারুণভাবে উঠে এল রাজস্থানও।
ক্রিস গেইল দলে আসার পরেই চেহারা বদলে গিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের। প্রতি ম্যাচেই ব্যাট হাতে অবদান রাখছিলেন গেইল। কিন্তু তাঁর মতো ব্যাটসম্যান খেলার জন্য যত বল বেশি পাবেন, তত সুবিধা হবে পাঞ্জাবের। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন গেইল। আর আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করার আগেই জোফ্রা আর্চারের দুরন্ত ইয়র্কারে শেষ হয়ে গেল তাঁর ইনিংস। ৬৩ বলে ৯৯ রানের এই ইনিংসে ৮টি ছয় মারলেন গেইল। টি ২০ ক্রিকেটে হাজার ছক্কার রেকর্ড গড়লেন তিনি। পেস, স্পিন সব বলের বিরুদ্ধেই সমান সাবলীল দেখাচ্ছিল তাঁকে। প্রতিটা শটে তিনি যেন বলছিলেন, এখনও ফুরিয়ে যাননি ইউনিভার্স বস।
তবে গেইলকে এই কাজে সাহায্য করেন রাজস্থানের ফিল্ডাররা। একবার ১০ রান, একবার ৫০ রানের মাথায় তাঁর ক্যাচ পড়ল। তেওয়াটিয়ার ক্যাচ কঠিন হলেও ১০ রানের মাথায় হাতের ক্যাচ ছেড়েছেন রিয়ান পরাগ। ওই ক্যাচ ধরতে পারলে হয়তো খেলার ছবিটাই অন্যরকম হত। গেইলের সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক লোকেশ রাহুল ও নিকোলাস পুরান। রাহুল ৪৬ ও পুরান ২২ রানের ইনিংস খেলেন। আর তার ফলেই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৫ তোলে পাঞ্জাব। রাজস্থানের হয়ে আর্চার ও স্টোকস ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ফের একবার ভাল শুরু করলেন বেন স্টোকস ও রবিন উথাপ্পা। বিশেষ করে আগের ম্যাচে সেঞ্চুরির পরে দারুণ ছন্দে ছিলেন স্টোকস। সেটাই দেখা গেল এদিন। প্রথম থেকেই পাঞ্জাবের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন স্টোকস। ২৬ বলে ৫০ করে আউট হন স্টোকস।
স্টোকসের পরে উথাপ্পার সঙ্গে জুটি বাঁধেন স্যামসন। দেখে মনে হচ্ছিল খুব সহজেই জয় তুলে নেবে রাজস্থান। কিন্তু উথাপ্পা ৩০ ও স্যামসন ৪৮ করে আউট হন। ফলে শেষদিকে কিছুটা চাপে পড়ে যায় রাজস্থান। দলকে জেতানোর দায়িত্ব ছিল দুই অভিজ্ঞ জশ বাটলার ও অধিনায়ক স্টিভ স্মিথের হাতে।
দায়িত্ব নিয়ে ব্যাট করলেন তাঁরা। সহজেই জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে চলে এল রাজস্থান। কারণ কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবেরও ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। আগামীকাল ব্যাঙ্গালোরকে হারালে সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্টও হবে ১৩ ম্যাচে ১২। অর্থাৎ চার দল একই জায়গায় পৌঁছে যাবে। ফলে আরও জমে গেল প্লে-অফের লড়াই।
সংক্ষিপ্ত স্কোর- কিংস ইলেভেন পাঞ্জাব ১৮৫/৪। গেইল ৯৯, রাহুল ৪৬, আর্চার ২৬/২। রাজস্থান রয়্যালস ১৮৬/৩। স্টোকস ৫০, স্যামসন ৪৮, অশ্বিন ৪৩/১। রাজস্থান রয়্যালস ৭ উইকেটে জয়ী।