দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ শামি ও তাঁর স্ত্রী হাসিন জাহানের সম্পর্কে আরও জটিলতা তৈরি হল। মেয়ে আরিয়ার নামের পাশ থেকে শামির পদবী সরিয়ে দিলেন স্ত্রী হাসিন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মেয়ে আরিয়ার একটি ছবি পোস্ট করেছেন হাসিন। তাতে দেখা যাচ্ছে, আরিয়ার নামের পাশে ‘জাহান’ পদবী রয়েছে, শামির পদবী বিলকুল সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়েই জটিলতা তৈরি হয়েছে।
এই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে হাসিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তিনি সিঙ্গল পেরেন্টে আগ্রহী, সেই কারণেই বাবার পদবী পাশে দিতেও অনিহা রয়েছে।
২০১৮ সালের এপ্রিল মাসে হাসিন জাহান ও মহম্মদ শামির মধ্যে সম্পর্কের তিক্ততা প্রথম প্রকাশ্যে আসে। সেই সময় অন্য মহিলাদের সঙ্গে তারকা পেসারের চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনেন হাসিন।
এমনকি শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য অত্যাচার, ধর্ষণের মতো গুরুতর অভিযোগও এনেছিলেন প্রাক্তন এই আইপিএলের চিয়ার গার্ল। শামি যে ক্রিকেটে গড়াপেটার সঙ্গে যুক্ত, সেই অভিযোগও করেছিলেন হাসিন। যদিও তাঁর ওই অভিযোগকে গুরুত্ব না দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ক্লিনচিট দিয়েছিল।
শুধু তাই নয়, লালবাজারে গিয়ে শামির বিপক্ষে ডায়েরি করেছিলেন। আদালতে গিয়ে খোরপোশ চেয়েছিলেন। এবং এও জানা যায়, সাউথ সিটিতে শামির যে ফ্ল্যাট রয়েছে, সেটির মালিকানাও চেয়েছিলেন হাসিন।
এরপর ভারতীয় তারকার বিরুদ্ধে মুখ খোলায় বহুবার নেটিজেনদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে হাসিনকে। পরে পুলিশের দ্বারস্থও হন তিনি। বিষয়টি গড়ায় আদালত পর্যন্তও। শামি অবশ্য ভারতীয় দলের সফর চলাকালীন সময়ে মেয়ের ছবি পোস্ট করে উল্লেখ করেছেন তিনি তাঁকে মিস করছেন। এমনকি মেয়ের সঙ্গে যে তাঁকে দেখা করতে দেওয়া হয় না, সেটিও অভিযোগ করেছিলেন স্বয়ং ভারতীয় দলের নামী পেসার।
তারপরেও স্বাভাবিক হয়নি স্ত্রী হাসিনের সঙ্গে সম্পর্ক। তাঁদের মধ্যে এখনও বিচ্ছেদও হয়নি। এই নিয়ে শামিও আর এগোননি, এমনকি হাসিনও এই নিয়ে কোনও পদক্ষেপ নেননি। এবার মেয়ের নামের পাশ থেকে শামির পদবী সরিয়ে দেওয়ায় ঘটনা নতুন মোড় নিল।