দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করেছে বার্সেলোনা। টানা তিন ম্যাচে ড্রয়ের ফলে লিগ তালিকায় ৫ নম্বরে উঠে এসেছে কাতালান ক্লাব। এই ম্যাচে গোল করেছেন মেসি। আর এই গোলের সঙ্গেই বার্সার হয়ে তাঁর গোলের সংখ্যা হয়েছে ৬৪৩। তার সঙ্গেই তিনি ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি পেলের এক রেকর্ড। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিল পেলের দখলে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি।
ব্রাজিলিয়ান কিংবদন্তি ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছিলেন ব্রাজিলের ক্লাব স্যান্টোসের হয়ে। সেই সময় ৬৪৩ গোল করেছিলেন তিনি। অর্থাৎ ১৮ বছর স্যান্টোসের হয়ে খেলার সময় ৬৫৬ ম্যাচে ৬৪৩ গোল করেছিলেন তিনি। অন্যদিকে মেসি বার্সার সিনিয়র দলে খেলা শুরু করেছেন ২০০৫ সালে। অর্থাৎ ১৫ বছরে কাতালান ক্লাবের হয়ে ৭৪৮ ম্যাচ খেলে পেলের রেকর্ড ছুঁয়েছেন মেসি।
মেসি লা লিগায় বার্সার হয়ে ৪৯৮ ম্যাচ খেলে করেছেন ৪৫০ গোল। কোপা দেল রে-তে ৫৩ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১১৮ গোল রয়েছে তাঁর। ক্লাবের অন্যান্য প্রতিযোগিতাতে ২২টি গোল করেছেন মেসি। এভাবেই বার্সার হয়ে মোট ৬৪৩ গোল করেছেন লিও।
মেসির এই কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পেলে নিজেই। নিজের ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, তিনি মেসিকে সম্মান করেন। কারণ প্রতিদিন একই জার্সি পরতে কেমন লাগে সেটা তিনি নিজেও জানেন। এই রেকর্ডের সঙ্গে বার্সার হয়ে তাঁর সুন্দর কেরিয়ারের জন্যও তাঁর প্রশংসা করেছেন পেলে।
পেলের রেকর্ড স্পর্শ করলেও অবশ্য বার্সাকে ম্যাচ জেতাতে পারেননি মেসি। ম্যাচের ২৯ মিনিটে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার দিয়াখাবির গোলে এগিয়ে যায় অ্যাওয়ে দল। হাফ টাইমের ঠিক আগে পেনাল্টি পায় বার্সা। মেসির শট প্রথমে বাঁচিয়ে দেন গোলরক্ষক ডমিনিক। কিন্তু ফিরতে বলে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে বার্সাকে এগিয়ে দেন রোনাল্ড আরাউজো। কিন্তু ম্যাক্সি গোমেজের গোলে সমতা ফেরায় ভ্যালেন্সিয়া। শেষ অবধি ২-২ গোলে ড্র হয় খেলা।
১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে একই পয়েন্টে রয়েছে রিয়েল মাদ্রিদ। আজ মাঠে নামছে তারা। জিতলে শীর্ষে চলে যাবে রিয়েল। অন্যদিকে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট বার্সেলোনার।