দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেটে এরকম যে হতে পারে, ভাবাই যায় না। পাড়ার মাঠে হয়ে থাকে, যে পিচে খেলা হল, তারপর আবার সেই পিচেই খেলতে নেমে গেল কোনও একটা দল। কিন্তু টেস্ট ক্রিকেটের মতো একটা অভিজাত মঞ্চে, এরকম ঘটতে পারে, সেটি নিয়ে ক্রিকেটমহলে কথা হচ্ছে।
ইংল্যান্ডের ব্রিস্টলে বুধবার থেকে ভারত ও ইংল্যান্ড মহিলা দলের চারদিনের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হয়েছে। এই মাঠেই গত শুক্রবার হয়েছে টি ২০ একটি ম্যাচ, যেটিতে খেলে গিয়েছেন দুটি নামী কাউন্টি দলের পুরুষ ক্রিকেটাররা। সেই মাঠেই কী করে ভারতীয় মহিলা দলের টেস্ট ম্যাচ হয়, সেই নিয়েই নানা মহল থেকে প্রশ্ন উঠেছে।
সব থেকে বড় কথা, সবকিছু জানার পরেও ভারতীয় মহিলা দলের তরফে কেউ কোনও প্রতিবাদ করেনি। রা কাড়েনি বিসিসিআই-ও। অথচ ইংল্যান্ড মহিলা দলের অধিনায়িকা হেথার নাইট জানিয়েছেন, ‘‘এটা কেন হবে? যে পিচে ৩৯ ওভার খেলা হয়েছে চারদিন আগেই, সেই পিচে কেন আমাদের খেলতে হচ্ছে?’’
অধিনায়িকা হিসেবে ১০০টি ম্যাচ খেলতে নামা কিংবদন্তি এই ক্রিকেটার আরও বলেন, ‘‘এটা যথাযথ উদাহরণ নয়। আমাদের নতুন পিচে খেলতে দেওয়া উচিত ছিল। গত সপ্তাহে গ্লস্টারশায়ারের টি-২০ ম্যাচ হয়েছে এই পিচেই। আমাদের নতুন পিচে খেলতে দিলেই ভাল হতো।’’
এই ঘটনা জানাজানি হয়ে যেতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সরকারিভাবে বিবৃতি দিয়েছে, তারা জানিয়েছে, ‘‘এত অল্প সময়ের মধ্যে দ্বিতীয় পিচ বানানো যায়নি। তবে পুরনো পিচে খেলতে হলেও সেটিকে পরিষ্কার করে তবেই খেলার অনুমতি দেওয়া হয়েছে।’’
https://twitter.com/AlexHartley93/status/1404758389901729793
ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা জানি ইংল্যান্ডের মেয়েদের নতুন পিচেই খেলা উচিত। আমরা দুঃখিত এক্ষেত্রে তাদের সেটা দিতে পারিনি। এপ্রিলের মাঝামাঝি সময়ে সূচিতে টেস্ট ম্যাচ যোগ হওয়ায় এত কম সময়ে মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের মাঠ ফাঁকা পাওয়া সম্ভব হয়নি। আমরা জানতাম, টেলিভিশনে সম্প্রচারের জন্য যথাযথ একটা নতুন পিচ তৈরি করা চ্যালেঞ্জের হতে চলেছে। আমরা দায় স্বীকার করছি, এও দেখব ভবিষ্যতে যাতে এমনটা না হয়।’’
https://twitter.com/ESPNcricinfo/status/1405105208959586305
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর টেস্টের আঙিনায় ফিরল ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্ট নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত ভারতীয় শিবির। ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই সহজ হবে না মিতালি রাজদের। তবে লাল বলে খেলার সুযোগ খুব বেশি আসে না বলেই ভারতীয় মহিলা দল নজর কাড়া পারফরম্যান্স করে দেখাতে চায়। শেষবার ভারতের মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচে মাঠে নামে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।