দ্য ওয়াল ব্যুরো : চলতি আইপিএলে একের পর এক ম্যাচে হারছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর ক্রিকেট প্রেমীরা তাঁকে খুঁজছেন ক্রমাগত। বলেই চলেছেন, ক্রিস গেইল যদি এই দলে থাকতেন, তা হলে এমন হাল হতো না।
কিন্তু তিনি কোথায়? অনিল কুম্বলের দলে এমন দুর্দশা, কিন্তু ‘দ্য ইউনিভার্স বস’ কোথায় গেলেন?এখনও পর্যন্ত একটি ম্যাচেও তাঁকে পায়নি দল। গত ম্যাচের আগে কোচ অনিল কুম্বলে জানিয়েছেন, ‘‘আমরা তো প্রতি ম্যাচেই ভাবছি ক্রিসকে পাব, কিন্তু এখানে আসার পর থেকে ও ভুগছে খাদ্যে বিষক্রিয়ায়, তাই ওকে নামানোর ঝুঁকি নিতে পারছি না।’’
এহেন এক ক্রিকেটার, যাঁর কাছে জীবনের মানেটাই অন্যরকম। তিনি যদি মনে করেন এই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন, তা হলে বিপক্ষ দলের নাভিশ্বাস উঠে যাবে। সেই আমুদে এই ক্যারিবিয়ান ক্রিকেটার এবার ছোট মাঠে খেললে তাঁর জন্য বল কুড়োনোই শক্ত চ্যালেঞ্জ হতো।
সেই দানবীয় ক্রিকেটার এমন অসুস্থ যে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে। যিনি আবার হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি পোস্ট করেছেন। গেইলের হাতে কাঁচের গ্লাস ধরা। দুটি চোখে শসার টুকরো। মুখে গাজরের টুকরো রাখা, আর বাঁ হাতে ধরে রয়েছেন ফোনের রিসিভার। তিনি যে অসুস্থ, বোঝা দায়।
হাসপাতালে এমনভাবে রয়েছেন মনে হবে নিজের বাড়ির ড্রয়িংরুম। ছবি পোস্ট করে ক্যাপশন-এ গেইল লিখলেন, ‘‘আমি আপনাদের একটা কথা বলতে পারি। কখনো লড়াই না করে হারব না। আমি ইউনিভার্স বস। আর এটা কখনও বদল হবে না। আপনারা চাইলে আমার থেকে কিছু শিখতে পারেন। তাই বলে আমি যা করছি সেটাই নকল করতে হবে, এমন কোনও ব্যাপার নেই! তবে আমার স্টাইল ও চমক মনে রাখবেন। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’’
নিজের দল হারছে, সেই নিয়ে অবশ্য আক্ষেপ করতেও শোনা গিয়েছে। আবার এও জানিয়েছেন, তিনি মাঠে ফিরতে পারলে সবটাই সম্ভব হবে।
চলতি আসরে পাঞ্জাব সবার শেষে রয়েছে। তাদের সঙ্গে উইনিং লাক কাজ করছে না। গত ম্যাচেও নাইটদের বিপক্ষে দলের অধিনায়ক লোকেশ রাহুল এত ভাল ক্রিকেট খেললেন। অথচ দলের তরী তিরে এসে ডুবেছে। তার মধ্যে গেইলের মতো বিগহিটারও নেই দলে। তাঁর অভাব ম্যাক্সওয়েলরাও মেটাতে ব্যর্থ।