
শেষ আপডেট: 10 November 2023 17:18
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২৩ বছর বয়স। বিশ্বকাপে নিউজিল্যান্ড স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে থাকবেন কিনা সন্দেহ ছিল। কেন উইলিয়ামসনের চোটের কারণে দলে সুযোগ পেয়েছিলেন তিনি। আর সুযোগ মিলতেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন রাচীন রবীন্দ্র।
বিরাট কোহলি, কুইন্টন ডি'ককের মতো তারকা ক্রিকেটারদের টপকে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক রাচীনই। ৯ ম্যাচে ৫৬৫ রান করেছেন তিনি। ইতিমধ্যেই বিশ্বকাপে তিনটে সেঞ্চুরি হয়ে গেছে রাচীনের।
১৯৯৬ বিশ্বকাপে শচীন তেন্ডুলকার করেছিলেন ৫২৩ রান। এতদিন সেই রেকর্ড অক্ষুণ্ণ ছিল। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দেন রাচীন। শচীনের মতোই ২৩ বছরে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন তিনি।
শুধু কি তাই। জসপ্রীত বুমরা ও কুইন্টন ডি'ককের মতো তারকাদের পিছনে ফেলে রাচীন পেলেন আইসিসি-র তরফে অক্টোবর মাসে সেরা ক্রিকেটারের তকমা। অক্টোবর মাসে বিশ্বকাপের ৬টি ম্যাচে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। ৬ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৪০৬ রান। পেয়েছেন তিনটি উইকেটও।
ভারতের সঙ্গে রাচীনের সম্পর্ক অনেক পুরনো। তাঁর বাবা জন্মসূত্রে ভারতীয়, পরে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রাচীনের জন্ম ওই দেশে হলেও ভারতের প্রতি টান আছে তাঁর। ঠাকুমা, ঠাকুরদা এখনও বেঙ্গালুরুতেই থাকেন। পাশাপাশি, তাঁর নামের সঙ্গেও ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের নামের মিল আছে। সেই রাচীনই এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের 'কালো ঘোড়া'।