
রাজস্থানকে হারিয়ে দিল পাঞ্জাব
শেষ আপডেট: 15 May 2024 23:33
দা ওয়াল ব্যুরো: টানা চার ম্যাচ হারল রাজস্থান রয়্যালস। তারা বুধবার পাঞ্জাব কিংসের কাছে পাঁচ উইকেটে হারল। পাঞ্জাব ১৪৫/৫ করে ম্যাচ জিতে নিয়েছে শেষ ওভারে খেলা যাওয়ার আগেই। রাজস্থান হেরে যাওয়ায় তারা আইপিএলের এলিমিনেটরে খেলবে।
প্রীতি জিনতার পাঞ্জাব যে এদিন সাত বল আগে জিতল তার মূল কারণ স্যাম কুরান। পাঞ্জাব দলনেতার দাপটে ব্যাটিং রাজস্থান বোলিংকে শেষ করে দিয়েছে। কুরানের ৪১ বলে ৬৩ রানের ইনিংসে রয়েছে পাঁচটি চার ও তিনটি ছয়। চাহাল ও অশ্বিনদের মতো বোলারদের তাঁর কাছে দুর্বল লেগেছে। পাঞ্জাব লিগের লাস্ট বয়। তাদের কাছে সঞ্জু স্যামসনদের হার লজ্জার। যার জন্য ১৬ পয়েন্টেই আটকে থাকল রাজস্থান। তারা প্লে অফে চলে গেলেও কোয়ালিফায়ারে খেলার সুযোগ হারাল।
শেষ চারটি ম্যাচেই ছন্দে নেই রাজস্থান রয়্যালস। বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগে ব্যাটিং করে তারা তুলেছে ২০ ওভারে ১৪৪/৯। বলার মতো রান বলতে গুয়াহাটির ছেলে রিয়ান পরাগের। তিনি ৪৮ রান করেছেন। না হলে রবিচন্দ্রন অশ্বিনের ২৮ রান দলের স্কোরকে বাড়িয়েছে।
রাজস্থান এদিন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। তাদের শুরু ও শেষ কোনওটাই ভাল ছিল না। ওপেন করতে নেমে যশস্বী জয়সোয়াল (৪) ও ক্যাডমোর (১৮) ব্যর্থ। পাশাপাশি দলের অধিনায়ক সঞ্জু স্যানসনও (১৮) ফিরেছেন এলিসের বলে ক্যাচ দিয়ে। চার নম্বরে নেমে স্থানীয় ছেলে পাড়ার মাঠে ৩৪ বলে ৪৮ রান করেছেন। ইনিংসে ছিল ছয়টি চার।
রাজস্থানের শেষ ছয় ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। এসেছেন, আর ফিরে গিয়েছেন। এই পিচে ১৪৪ রান কিছুই নয়, রাজস্থান আসল সময়ে এসে ফর্ম হারিয়েছে।
পাঞ্জাব কিংসের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন, হর্ষল প্যাটেল ও রাহুল চাহার।