
শেষ আপডেট: 29 November 2023 21:40
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান দল আছে পাকিস্তানেই! নানা ব্যর্থতার মধ্যেও তাদের ক্রিকেটে নানা তামাশার কর্মকাণ্ড চলে। বিশ্বকাপে ব্যর্থতার পরে এমনিতেই দেশে নানা সমালোচনা চলছে। অনেকেই দায়ী করছেন অধিনায়ক বাবর আজমকে। এবার এক অভিনব ঘটনা ঘটছে পাক মুলুকে।
আগামী মাসের ১৪ তারিখ থেকে অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। এই সফরের জন্য পাক নির্বাচকরা মোট ১৮ সদস্যের দলগঠন করেছেন। দলের অধিনায়কও বদল হয়েছে ইতিমধ্যেই। দলের নেতা হিসেবে শান মাসুদ দায়িত্ব পেয়েছেন।
বিশ্বকাপের পরে অনেক দলেই সাপোর্ট স্টাফরা চাকরি হারিয়েছেন। পাক দলে অবশ্য এই স্টাফদের গুরুত্ব দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সফরের জন্য মোট ১৭জনের সাপোর্ট স্টাফরা যাচ্ছেন।
দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন নাভিদ আকরাম চিমা। ডিরেক্টর হিসেবে যাবেন মহম্মদ হাফিজ। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন অ্যাডাম হোলিওকে। হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাইমন গ্রান্ট হেলমট।
পেস বোলিং কোচ হিসেবে থাকবেন উমর গুল। স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বে থাকবেন সঈদ আজমল। ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন আব্দুল মজিদ। পাশাপাশি সহকারী ব্যাটিং কোচ হিসেবে শাহিদ আসলাম, সহকারী টিম ম্যানেজার মনসুর রানা, স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ হিসেবে থাকছেন ড্রিকুস সাইমন।
ফিজিওথেরাপিস্টের দায়িত্ব সামলাবেন ক্লিফ ডিয়েকন। এছাড়াও থাকবেন তালহা ইজাজ (টিম অ্যানালিস্ট), আখতার হুসেন (সিকিউরিটি ম্যানেজার), রাজা রশিদ কিচলু (মিডিয়া ম্যানেজার), আম্মার এহসান (ভিডিওগ্রাফার), ডা. সোহেল সালিম (চিকিৎসক) এবং মালাঙ্গ আলি (টিম ম্যাসিওর)।
পাকিস্তান দল পার্থে তাদের প্রথম টেস্ট খেলবে ১৪-১৮ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট ২৬-৩০ ডিসেম্বর। খেলা হবে মেলবোর্নে। শেষ টেস্টটি হবে সিডনিতে। খেলা হবে ২০২৪ সালের ৩-৭ জানুয়ারি।