
শেষ আপডেট: 1 November 2023 01:02
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান শিবিরে বিরিয়ানি কাণ্ডে বিরাট বিতর্ক কলকাতায়! বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেটাররা পার্কসার্কাসের একটা দোকান থেকে বিরিয়ানি খেয়েছিল। সেটি অনলাইন অর্ডার দেওয়া হয় কলকাতায় পাক দলের মিডিয়া ম্যানেজার মঈন বিন মকসুদের তদারকিতে।
এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছে পাকিস্তান সরকার। তারা খোঁজ নিয়ে দেখেছে বিরিয়ানি একটা দোকান থেকে আনার পরে সামান্য পরীক্ষা পর্যন্ত করা হয়নি। যেখানে পাক দল ভারতে এসেছে প্রায় এক যুগ বাদে। সেখানে কী করে নিরাপত্তার বিষয়টি না ভেবে এমন হঠকারি সিদ্ধান্ত নেওয়া হল, সেটি ভেবেই অবাক ইসলামাবাদ। পাক ক্রীড়া মন্ত্রক এই বিষয়ে জানতে চেয়েছে দিল্লির কাছে।
এমনকী ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে জানানো হয়েছে যে, কী করে বিশ্বকাপের একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিরিয়ানির মতো খাবার দেওয়া হল। যদি এতে ক্রিকেটারদের খাদ্যে বিষক্রিয়ার মতো ঘটনা ঘটত, সেরকম হলে তার দায়ভার কে নিত? এই কারণেই আইসিসিকে এই বিষয়ে জানানোর পরে ভারতীয় বোর্ড ওই লোকাল ম্যানেজারকে সরিয়ে দিয়েছে।
পাক দল যদিও এদিন ভালয় ভালয় বাংলাদেশকে হারিয়েছে। তবে ইডেনের ম্যাচে বাবররা যদি হারত, সেক্ষেত্রে আরও ঝামেলা হতো। এর পাশাপাশি অবশ্য ক্রিকেটারদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাঁরা যদি ফের কোনও ম্যাচের আগে এমন খাবার খান, তা হলে শো-কজও করা হবে দলের সকল ক্রিকেটারদের।