
হারের পর মাথা নীচু করে মাঠ ছাড়ছে পাকিস্তান
শেষ আপডেট: 19 February 2025 22:48
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা ৬০ রানে পরাস্ত হয়েছে। তবে সবথেকে বেশি তোপের মুখে পড়েছেন বাবর আজম। ৯০ বল খেলে তিনি মাত্র ৬৪ রান করেছেন।
এবার ম্যাচের বিস্তারিত বিশ্লেষণে আসা যাক। চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফিতে একটা অভাবনীয় শুরু করল নিউজিল্য়ন্ড ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুটো দলের মধ্যে মোট চারবার লড়াই হয়েছে। এরমধ্যে পাকিস্তান একবারও জিততে পারেনি। এমনকী, গত ২ সপ্তাহ ধরে চলা দ্বিপাক্ষিক সিরিজেও পাকিস্তানের কপালে সেই লজ্জার হারই (৩-০) জুটেছিল। ফলে নিউজিল্যান্ড যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার, তা ইতিমধ্যেই তারা বুঝিয়ে দিয়েছে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল নিউজিল্য়ান্ড। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান আশা করেছিলেন, দ্বিতীয় ইনিংসে শিশির হয়ত ফ্যাক্টর হতে পারে। একটা সময় বল হয়ত কিছুটা হলেও থেমে থেমে ব্যাটে আসছিল। কিন্তু, সেটা খুবই অল্প সময়ের জন্য। তবে নিউজিল্যান্ডের হয়ে টম লেথাম এবং উইল ইয়ংয়ের শতরান, জয়ের মঞ্চটা আগেই প্রস্তুত করে দিয়েছিল। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন গ্লেন ফিলিপস। তিনি ৩৯ বলে ৬১ রানের একটা ঝোড়ো ইনিংস উপহার দেন। শেষপর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৩২০-তে ঠেকে।
এরপর পাকিস্তান যেভাবে ব্যাট করল, তা দেখে একবারের জন্যও মনে হয়নি যে তারা ম্যাচটা জেতার জন্য মাঠে নেমেছে। নতুন বল হাতে আগুন গতি ছোটালেন ম্যাট হেনরি এবং উইল ও'রুরকি। প্রথম ১০ ওভারে পাকিস্তান ২ উইকেট হারিয়ে মাত্র ২২ রান করে।
এরপর আশা করা হয়েছিল, বাবর আজম হয়ত ব্যাট হাতে জ্বলে উঠবেন। কিন্তু, তেমন দৃশ্যের সাক্ষী হতে পারলেন না পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা। বরং বাবর যে ব্যাটিং করলেন, সেটাকে দৃশ্য দূষণ বলা যেতেই পারে। এই ম্যাচে পাকিস্তানের হয়ে ওপেন করতে পারেননি ফখর জামান। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। আর এটাই পাকিস্তানের ব্য়াটিং অর্ডার একেবারে তছনছ করে দেয়।
তবে শেষদিকে ম্যাচটা জেতানোর চেষ্টা করেছিলেন সলমান আগা এবং খুশদিল শাহ। কিন্তু, আজকের দিনটাই নিউজিল্যান্ডের ছিল। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সেখানে পাকিস্তানের কেউই একটা সূচ পর্যন্ত ফোটাতে পারেনি।