
শেষ আপডেট: 27 January 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: ভাবা গিয়েছিল, এই টেস্ট ম্যাচ হয়তো তিনদিনেই শেষ হয়ে যাবে। কারণ ম্যাচের আগে মহম্মদ সিরাজ বলেছিলেন, ইংল্যান্ড দলকে হারাতে আমাদের সময় লাগবে বড় জোর দু’দিন। সেইমতই সবটা এগোচ্ছিল, কিন্তু হল না।
শনিবার সারাদিন ইংল্যান্ড দলকে দ্বিতীয় ইনিংসে অলআউটই করতে পারলেন না ভারতের বোলাররা। তাঁরা ব্রিটিশ দলের ছয় উইকেট ফেলতে পেরেছেন। ইংল্যান্ডের ব্যাটার ওলি পোপ দেখালেন দৃঢ়তা ও সংকল্প ঠিক থাকলে হারা ম্যাচে কতটা লড়াই করা যায়।
ইংল্যান্ড যে হারবে না, এটা বলা যাবে না। কিন্তু সরু সূতোর ওপর দিয়ে যেভাবে দলটা যাচ্ছিল, সেই অবস্থা থেকে দলটিকে হাইওয়েতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন ওলি। ২০৮ বলে ১৪৮ রানে অপরাজিত রয়েছেন তিনি, ১৭টি বাউন্ডারি মেরেছেন। দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ৩২৬/৬। ইংল্যান্ড এগিয়ে রয়েছে ১২৬ রানে।
এই পিচে আড়াইশো রানের লিড রাখা মানেও ভারতকে নিজের মাঠে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে ইংল্যান্ড দল। বুমরা ও অশ্বিন দুটি করে উইকেট নিলেও ওলি পোপ যেভাবে দলকে রক্ষা করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। একটা মৃতপ্রায় দলকে আইসিইউ থেকে বের করার কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করেছেন এই ব্যাটার।
এদিকে, ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি দু’উইকেট নিতে ৯৩টি উইকেট নিলেন। এর আগে ছিলেন অনিল কুম্বলে। তিনি ছিলেন ৯২টি উইকেটে। যদিও ভাগবৎ চন্দ্রশেখর মোট ৯৫টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন।