বেলজিয়ামের বিরুদ্ধে নেমারের নতুন বুট নিয়ে জল্পনা
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া পৌঁছনোর আগেই এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল বেলজিয়াম। রোমেলো লুকাকু, ফেলাইনি, ইডেন হ্যাজার্ডদের নিয়ে গড়া দল সব দিক দিয়ে সংগঠিত। ডিফেন্স, মাঝমাঠ, স্ট্রাইকিং লাইন। অনেকেই বলেছিলেন এই বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়াম। এ
শেষ আপডেট: 6 July 2018 07:01
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া পৌঁছনোর আগেই এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল বেলজিয়াম। রোমেলো লুকাকু, ফেলাইনি, ইডেন হ্যাজার্ডদের নিয়ে গড়া দল সব দিক দিয়ে সংগঠিত। ডিফেন্স, মাঝমাঠ, স্ট্রাইকিং লাইন। অনেকেই বলেছিলেন এই বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়াম। এখনও পর্যন্ত সব ম্যাচে জয় পেয়েছে ইউরোপের দলটি। গ্রুপ লিগে পর পর দু’ম্যাচ জিতে যাওয়ার পর যখন পরের রাউন্ড নিশ্চিৎ, তখন শেষ ম্যাচে ব্রিটিশদের বিরুদ্ধেও জয় ছিনিয়ে আনল বেলজিয়ামের রিজার্ভ বেঞ্চ। ইংল্যান্ডও সে ম্যাচে প্রথম একাদশের সিংহভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে রুদ্ধশ্বাস জয়। এ সব পেরিয়েই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল।
কিন্তু কী করবে ব্রাজিল?
গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জিতেছিল ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়েছিল সেলেকাওরা। কিন্তু সে ম্যাচেই বীজ বোনা হয়ে গিয়েছিল হারের। জুনিগারের ‘জঘন্য’ ট্যাকলে মেরুদণ্ড ভেঙে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন নেমার দ্য জুনিয়র। তারপর সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে লজ্জার ৭-১। আর কোয়ার্টার ফাইনালে নামার আগে নেমারের স্মৃতিতে কি ফিরে ফিরে আসছে গতবারের ‘অভিশপ্ত’ কোয়ার্টার ফাইনাল? তেমনটাই মনে করছেন অনেকে। আর সেই জল্পনা আরও উস্কে দিলেন এনজে টেন নিজেই।
[caption id="attachment_16659" align="alignleft" width="300"]
২০১৪ বিশ্বকাপে জুনিগারের ট্যাকল[/caption]
টুইট করে ব্রাজিলীয় তারকা জানালেন নতুন বুট পায়ে নামবেন বেলজিয়ামের বিরুদ্ধে। যদিও নেমার লেখেন নকআউট পর্বের জন্য ব্রাজিলের কিট স্পন্সর সংস্থা নাইকি এই বুট তৈরি করেছে তাঁর জন্য। কিন্তু প্রশ্ন উঠছে নকআউট পর্ব তো শুরু হয়েছে প্রি-কোয়ার্টার রাউন্ড থেকে। নেমার তো পুরনো বুটেই খেলেছেন মেক্সিকোর বিরুদ্ধে। গোল করেছেন। গোল করিয়েছেন। নেমার ভক্তরা দুটি ছবি পাশাপাশি রেখে টুইট করা শুরু করে দিয়েছেন। একদিকে জুনিগারের ট্যাকল অন্যদিকে নতুন বুট কাঁধে নেমারের ছবি। সঙ্গে শুভেচ্ছা বার্তা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন এও জানিয়েছে বেলজিয়ামের বিরুদ্ধে অধিনায়কের আর্ম ব্যান্ড পরবেন ডিফেন্ডার মিরান্ডা। বুট বদলাচ্ছেন নেমার। ক্যাপ্টেন বদলাচ্ছে ব্রাজিল। বেলজিয়ামের হ্যাজার্ডদের হার্ডল টপকে ব্রাজিল কি হাঁটবে হেক্সার পথে নাকি ডার্ক হর্স হিসেবে খেলা ঘুরিয়ে দেবে লুকাকুরা?
অপেক্ষা করতে হবে শুক্রবার গভীর রাত পর্যন্ত।