চরম সাজা রাশিয়াকে, টোকিও অলিম্পিক্স ও কাতার বিশ্বকাপ থেকে নির্বাসিত
দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিক্স চলাকালীন ডোপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রাশিয়ার ২৪ অ্যাথলিটের। এর শাস্তি হিসেবে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হয়েছিল রাশিয়াকে। সোমবার আরও বড় সিদ্ধান্ত নিল ওয়ার্ল্ড অ্য
শেষ আপডেট: 9 December 2019 12:42
দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিক্স চলাকালীন ডোপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রাশিয়ার ২৪ অ্যাথলিটের। এর শাস্তি হিসেবে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হয়েছিল রাশিয়াকে। সোমবার আরও বড় সিদ্ধান্ত নিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ( ওয়াডা )। ২০২০ সালের টোকিও অলিম্পিক্স থেকে নির্বাসিত করা হল পুতিনের দেশকে। সেইসঙ্গে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না গত বিশ্বকাপের আয়োজক দেশ।
সোমবার সুইৎজারল্যান্ডে বৈঠকে বসেন ওয়াডার কর্তারা। সেখানেই নেওয়া হয় এই চরম সিদ্ধান্ত। কোনও অ্যাথলিট যেন ভবিষ্যতে কোনও রকমের ডোপিং বা অন্য কারচুপি করার আগে দশবার ভাবেন, তার জন্যই এই শাস্তি দেওয়া হয়েছে রাশিয়াকে।

ডোপ কেলেঙ্কারি সামনে আসার পর গত বছর কোরিয়াতে শীতকালীন অলিম্পিক্সে রাশিয়ার অ্যাথলিটদের অংশ নেওয়ার জন্য অনেক শর্ত আরোপ করা হয়েছিল। তাঁরা নিজেদের দেশের জার্সি পড়তে পারেননি। কোনও মেডেল পেলে রাশিয়ার জাতীয় সঙ্গীত বাজেনি। রাশিয়ার ফেডারেশনের কোনও কর্তা উপস্থিত থাকতে পারেননি এই প্রতিযোগিতায়।
টোকিও অলিম্পিক্সেও যে শাস্তির মুখে পড়তে পারে রাশিয়া, সেটা একপ্রকার নিশ্চিত ছিল। সোমবার সিদ্ধান্ত জানাল ওয়াডা। অলিম্পিক্সের সঙ্গে ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না রাশিয়া। ২০১৮ সালে নিজেদের দেশে বিশ্বকাপে চমক দেখিয়েছিল রাশিয়া। এবার সেই দলই নির্বাসিত হয়ে গেল।
২০১৪ সালের সোচি অলিম্পিক্সে রাশিয়ার ২৪জন অ্যাথলিটের নাম জড়িয়েছিল ডোপ কেলেঙ্কারিতে। তাঁদের আজীবন নির্বাসন দেওয়া হয়। ১১টি পদক কেড়ে নেওয়া হয়। রাশিয়ান অলিম্পিক্স কমিটির সদস্য আলেকজান্ডার জুকোভকে নির্বাসন দেওয়া হয়। মোটা টাকা জরিমানা দিতে হয় রাশিয়াকে। তারপরেও শাস্তির খাঁড়া নেমে এল রাশিয়ার উপর।