দ্য ওয়াল ব্যুরো: সময়টা একদমই ভাল যাচ্ছে না ভারত অধিনায়ক বিরাট কোহলির। নিউজিল্য্যান্ড সফরে আট ইনিংসে মাত্র একটা হাফসেঞ্চুরি করেছেন তিনি। শেষ ১৯ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই বিরাটের। রানের খরা শুরু হয়েছে তাঁর কেরিয়ারে।
শুক্রবার ওয়েলিংটনে প্রথম ইনিংসে মাত্র ২ রান করেছেন বিরাট। জেমিসনের বলে স্লিপে খোঁচা দিয়ে ফিরে গিয়েছেন তিনি। আর চলতি সিরিজে তাঁর এই খেলা ভাবাচ্ছে ভারতীয় সমর্থকদের। কেবলমাত্র একটা টি ২০ ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন বিরাট। টেস্ট, ওয়ান ডে ও টি ২০ মিলিয়ে শেষ ১৯ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই তাঁর। বিরাটের শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল গত বছর নভেম্বর মাসে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে। ১৩৬ করেছিলেন বিরাট। তারপর থেকে চলছে এই খরা।
তবে এই প্রথম নয়, এর আগেও দু'বার বিরাটের এমন সময় এসেছে যখন ব্যাটে রান থাকেনি। প্রথমটা ২০১১ সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। টানা ২৪ ইনিংস সেঞ্চুরি পাননি বিরাট। ব্যাটিং গড়ও অনেকটাই কমে গিয়েছিল ভারতীয় অধিনায়কের। তারপর ২০১৪ সালে টানা ২৫ ইনিংসে সেঞ্চুরি পাননি বিরাট। সেই সময় ইংল্যান্ড সফরে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল তাঁকে। ৫ টেস্টে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট। জেমস অ্যান্ডারসনের বিষাক্ত বোলিংয়ে বারবার আউট হতে হয়েছে তাঁকে।
অবশ্য প্রতিবারই দারুণভাবে ফিরে এসেছেন ভারতীয় অধিনায়ক। যে ইংল্যান্ডে গিয়ে ব্যাটে রান আসেনি সেই জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধেই পরে দাপট নিয়ে খেলেছেন বিরাট। তাই এবারও সমর্থকদের আশা চলতি সিরিজেই ফের রানের মধ্যে ফিরবেন বিরাট। নিউজল্যান্ডে ভারতকে যদি টেস্ট সিরিজ জিততে হয় তাহলে বিরাটের ব্যাটে রানের খুব দরকার। সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভাল ভারতের জন্য।