অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলা সম্ভব নয়, সাফ জানালেন সৌরভ
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বহুদিন ধরে বন্ধ সব ধরনের খেলাধুলো। ক্রিকেটেও তার প্রভাব পড়েছে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইপিএল, সব কিছুই বর্তমানে বন্ধ। এই পরিস্থিতিতে ক্রিকেটকে ফের চালু করতে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের স
শেষ আপডেট: 16 May 2020 15:00
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বহুদিন ধরে বন্ধ সব ধরনের খেলাধুলো। ক্রিকেটেও তার প্রভাব পড়েছে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে আইপিএল, সব কিছুই বর্তমানে বন্ধ। এই পরিস্থিতিতে ক্রিকেটকে ফের চালু করতে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল বিরাটদের। কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয় বলেই জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
দীর্ঘদিন ধরে খেলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে রয়েছে বোর্ডগুলি। এই পরিস্থিতিতে ফের ক্রিকেট চালু করার চিন্তাভাবনা করছে তারা। স্টেডিয়ামে দর্শক কম এলেও যাতে টিভিতে লাইভ দেখানো যায়, তা নিয়েই চলছে আলোচনা। আর তার জন্য দরকার দুটো প্রথম সারির দলের মধ্যে একটা সিরিজ। এই কারণেই ভারতকে প্রস্তাব দেয় অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস বিসিসিআইকে জানান, ভারত ও অস্ট্রেলিয়া দু’দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ভাল। তাহলে এই বছরের শেষে অস্ট্রেলিয়াতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে আসুক বিরাটরা। তাঁদের সুরক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব ক্রিকেট অস্ট্রেলিয়ার।
এই পরিপ্রেক্ষিতে একটি সংবাদমাধ্যমকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “এই মুহূর্তে পাঁচ টেস্টের সিরিজ খেলা সম্ভব নয়। কারণ এমনি সময়েই পাঁচ টেস্টের সিরিজ শেষ হতে দেড় মাস লেগে যায়। তার মধ্যে এখন কোথাও সফরে গেলে কোয়ারেন্টাইনের কথাও মাথায় রাখতে হবে। তার মধ্যে সীমিত ওভারের সিরিজও রয়েছে। ফলে পাঁচ টেস্টের সিরিজ খেলতে গেলে সফর অনেক বেড়ে যাবে।”
যদিও জুলাই মাসে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতীয় দলের কোনও সমসয়া নেই বলেই জানিয়েছে বিসিসিআই। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, “সব কিছুই নির্ভর করছে সরকারের নির্দেশিকার উপর। লকডাউন তোলা ও যাতায়াত নিয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে তার উপর। যদি আমাদের ক্রিকেটারদের সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা না হয়, তাহলে শ্রীলঙ্কায় খেলতে যেতে আমরা তৈরি।”