দ্য ওয়াল ব্যুরো: সুনামির মতো তিনি এসেছিলেন ভারতীয় দলে। বদলে দিয়েছেন ভারতীয় দলের চেহারাটা। এসেছে একের পর এক সাফল্য। খেলার সময় যতটা অভিনবত্ব ছিল তাঁর, বিদায়ের সময়েও সেটা দেখা গেল। আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর তিনি অবসর নিতেই উঠল তাঁর ৭ নম্বর জার্সি অবসরের দাবি।
শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিদায় নিয়েছেন মাহি। সেখানে তিনি লেখেন, “আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমাকে রিটায়ার্ড মনে করবেন।” সঙ্গে যে ভিডিও তিনি শেয়ার করেন তার ব্যাকগ্রাউন্ডে অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ ছবির ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’ বাজতে থাকে।
ধোনির অবসরের পরে বিসিসিআইয়ের তরফে টুইট করে বলা হয়, “রাঁচির ছেলেটা, যিনি ২০০৪ সালে একদিনের দলে খেলা শুরু করেন, তাঁর শান্ত মাথা, ক্ষুরধার খেলার বুদ্ধি ও নেতৃত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটের চেহারা বদলে দিয়েছেন।” শুধু বিসিসিআই নয়, ভারত ও গোটা দুনিয়ার ক্রিকেটারদের তরফে শুভেচ্ছা পেয়েছেন ধোনি। তাঁর কোটি কোটি ফ্যানরাও আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন মাহিকে।
এই সোশ্যাল মিডিয়াতেই উঠেছে ৭ নম্বর জার্সির অবসরের দাবি। ধোনির টুইটারে প্রায় ৭৮ লাখ ফলোয়ার এই দাবি করেছেন। অনেকে চিঠি লিখেছেন বিসিসিআই দফতরে। কেউ আবার ইমেলে এই দাবি করেছেন। একই দাবি করতে দেখা গিয়েছে ধোনির আগে ভারতীয় দলে অভিষেক হওয়া আর এক উইকেট কিপার দীনেশ কার্তিককে। টুইট করে তিনি বলেন, “আমি আশা করছি, এবার একদিনের ক্রিকেটে ৭ নম্বর জার্সির অবসর হবে। আপনার দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা। আশা করছি সেখানেও অনেক চমক আপনার জন্য অপেক্ষা করছে।”
একই দাবি করতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকেও। তিনি বলেন, “ভাবতে পারছি না, ভারতীয় দলে আর কেউ ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলবে।”
ফুটবলে কোনও নির্দিষ্ট জার্সির অবসরের বিষয় থাকলেও ক্রিকেটে তা নেই। কিন্তু শচীন তেণ্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে বিসিসিআই বেসরকারিভাবে তাঁর ১০ নম্বর জার্সির অবসর ঘোষণা করে। জানানো হয়, ভারতীয় দলে আর কেউ ১০ নম্বর জার্সি পরে খেলতে পারবেন না।
ভারতীয় ক্রিকেটে শচীন তেণ্ডুলকরের পরে যদি কেউ জনপ্রিয় হয়ে থাকেন, তাহলে তিনি ধোনি। এখন দেখার শচীনের পথে গিয়ে তাঁর ৭ নম্বর জার্সিরও অবসর ঘোষণা করে কিনা বিসিসিআই।