দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্স ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পোগবা। আগামী নেশন্স লিগে ফরাসি দল থেকে বাদ দেওয়া হয়েছে পোগবাকে। তাঁর জায়গায় ফরাসি দলে নেওয়া রয়েছে তরুণ এদুয়ার্দো ক্যামাভিঙ্গাকে। লিগ ওয়ানে রেনে দলের হয়ে খেলেন তিনি।
বৃহস্পতিবার নেশন্স লিগের জন্য ফ্রান্সের দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশঁ। সেখানেই তিনি জানান, পোগবাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। কোভিড ১৯ সংক্রমণের জন্য বেশ কিছুদিন খেলা বন্ধ থাকার পরে প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলে ফেরেন পোগবা। তার আগে চোটেও ছিলেন এই তারকা ফুটবলার। প্রিমিয়ার লিগে ম্যান ইউকে প্রথম চারে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পোগবা। ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে মিডফিল্ডে দুরন্ত পারফর্ম করেন তিনি।
পারফরম্যান্সের জোরেই ফ্রান্সের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন পোগবা। কিন্তু করোনা পজিটিভ হওয়ার পরেই কোয়ারেন্টাইনে যেতে হয়েছে এই মিডফিল্ডারকেই। ইউরোপা লিগের সেমিফাইনালে সেভিয়ার বিরুদ্ধে শেষবার মাঠে দেখা গিয়েছিল পোগবাকে। সেখানে সেভিয়ার কাছে ১-২ গোলে হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে।
পোগবাকে ফরাসি দল থেকে বাদ দেওয়া হলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আর এক ফুটবলার অ্যান্থনি মার্শিয়ালকে দলে ফিরিয়ে আনা হয়েছে। ইউনাইটেডের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন মার্শিয়াল। তাঁর এই পারফরম্যান্সের পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। এর ফলে ফ্রান্সের দলে কিলিয়ান এমব্যাপে ও আন্তোনিও গ্রিজম্যানের সঙ্গে ফ্রান্সের আক্রমণ ভাগে জায়গা হয়েছে মার্শিয়ালের।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, “বিশ্বকাপের পর থেকে তিন অথবা চারবার দলে জায়গা পাওয়ার সুযোগ ছিল মার্শিয়ালের। কিন্তু বেশ কিছু কারণে তা হয়ে ওঠেনি। কিন্তু গত মরসুমে মার্শিয়াল যা খেলেছে, তার ফলে তাকে ফরাসি দলে ফিরিয়ে আনা হয়েছে।”
উয়েফার নেশন্স লিগে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর সুইডেন ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ফ্রান্সের। তার জন্যই দল নির্বাচন করা হয়েছে। করোনা পজিটিভ হওয়ায় সেখানেই জায়গা হল না পোগবার।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে প্রথমের দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন বেশ কিছু ফুটবলার। তার জেরে পৃথিবী জুড়ে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় দু’মাস বন্ধ থাকার পরে ফের ফুটবল শুরু হয়েছে। যদিও দর্শক শূন্য মাঠে অনেক নিয়ম মেনে খেলা হচ্ছে। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি এ, বুন্দেশলিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, সবই শেষ হয়েছে। তারপরে ফের পোগবার করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় ফুটবল দুনিয়া।