দ্য ওয়াল ব্যুরো: নিজের ফর্ম বজায় রেখেছেন ভারতের ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। রোহিত শর্মা, বিরাট কোহলি না পারলেও তরুণ ময়ঙ্কের ব্যাট শাসন করল বাংলাদেশ বোলিংকে। দ্বিতীয় দিন লাঞ্চের পরেই টেস্ট ক্রিকেটে নিজের তিন নম্বর সেঞ্চুরি করলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। ময়ঙ্ক-রাহাণে পার্টনারশিপে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে ভারত।
দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পরেই নিজের হাফসেঞ্চুরিতে পৌঁছন চেতেশ্বর পূজারা। কিন্তু ৫৪ রান করে আবু জায়েদের বলে আউট হন তিনি। তারপরেই বড় ধাক্কা খায় ভারত। মাত্র দ্বিতীয় বলেই খাতা না খুলেই এলবিডবলু হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি। দিনের দ্বিতীয় উইকেট নেন আবু জায়েদ। এই দুই ধাক্কার পরে ম্যাচে ফিরে আসার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু তা হতে দিলেন না ময়ঙ্ক ও বিরাটের ডেপুটি অজিঙ্ক্যা রাহাণে।
দু'জনে মিলে পার্টনারশিপ গড়লেন। রাহাণেকে প্রথম থেকেই ভাল ছন্দে দেখাচ্ছিল। অন্যদিকে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন ময়ঙ্ক। ভাল বল ছাড়ছিলেন, কিন্তু খারাপ বলকে রেয়াত করছিলেন না দুই ব্যাটসম্যানই। প্রথমের দিকে রানের গতি কিছুটা কম হলেও তারপর গতি বাড়ে। লাঞ্চের আগে ৯১ রানে ছিলেন ময়ঙ্ক।
লাঞ্চের পরে নিজের তৃতীয় সেঞ্চুরি করলেন ময়ঙ্ক। এই নিয়ে টেস্ট ক্রিকেট তিন সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরি হয়ে গেল তাঁর। তার মধ্যে আবার একটা ডবল সেঞ্চুরিও আছে। অন্যদিকে ধীরে ধীরে নিজের হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন রাহাণেও। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন উইকেটে ২১২ রান ভারতের। আগরওয়াল ১০৪ ও রাহাণে ৪৪ করে ব্যাট করছেন। বাংলাদেশের থেকে ৬২ রানে এগিয়ে ভারত।