দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রিয়েল মাদ্রিদের প্রাক্তন প্রেসিডেন্ট লোরেঞ্জো সাঞ্জ-এর। শনিবার ৭৬ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন লোরেঞ্জো। তাঁর মৃত্যুর পর একথা জানান তাঁর ছেলে।
লোরেঞ্জোর মৃত্যুর পর তাঁর ছেলে লোরেঞ্জো সাঞ্জ জুনিয়র টুইট করে বলেন, “আমার বাবা মারা গিয়েছেন। এভাবে তাঁর মৃত্যু হবে তা আমরা কেউ ভাবতে পারিনি। আমার দেখা অন্যতম সাহসী ও কর্মঠ মানুষ ছিলেন তিনি। পরিবার ও রিয়েল মাদ্রিদ ছিল তাঁর কাছে সবথেকে আগে।” প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার লোরেঞ্জো সাঞ্জ জুনিয়র তিন দিন আগেই টুইট করে জানিয়েছিলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত স্পেনের এই চ্যাম্পিয়ন দলের প্রেসিডেন্ট ছিলেন লোরেঞ্জো। তাঁর সময়ের মধ্যে দুটো চ্যাম্পিয়ন্স লিগ জেতে এই দল। ৮০-র দশকে রিয়েল মাদ্রিদের বোর্ডে জায়গা করে নেন লোরেঞ্জো। সেইসসময় প্রেসিডেন্ট ছিলেন রামন মেন্ডোজা। ১৯৯৫ সালে এই মেন্ডোজার জায়গাতেই প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি।
লোরেঞ্জো যখন মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন তখন এই দলের কোচ ছিলেন বিখ্যাত ইয়াপ হেইঙ্কস। সেই সময় দাভর সুকের, রবার্তো কার্লোস, সিডর্ফ, ফার্নান্দো হিয়েরো, রাউলের মতো ফুটবলাররা এই দলে খেলতেন। ১৯৯৮ সালে জুভেন্টাসকে হারিয়ে ও ২০০০ সালে ভালেন্সিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়েল।
লোরেঞ্জোর মৃত্যুর পরে কোয়ারেন্টাইনে থাকা রিয়েল মাদ্রিদের অধিনায়ক সের্জিও র্যামোস টুইট করে বলেন, “রিয়েল মাদ্রিদের জন্য খুবই খারাপ দিন। দুই প্রজন্মকে মিলিয়ে দিয়েছিলেন লোরেঞ্জো সাঞ্জ। এই কঠিন পরিস্থিতিতে তাঁর মৃত্যু আমাদের মেনে নেওয়া আরও কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের সঙ্গে আমার সহানুভূতি রইল।”
স্পেনে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রিয়েল মাদ্রিদের পুরো ফুটবল ও বাস্কেটবল দল কোয়ারেন্টাইনে আছে। গোটা দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।