দ্য ওয়াল ব্যুরো : নিজের ক্রিকেট কেরিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই ইনসুলিন ইঞ্জেকশন নেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। আর এই ওষুধ নিয়েই তাঁকে হেনস্থার মুখে পড়তে হলো। মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে লন্ডনের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে। সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন ওয়াসিম।
মঙ্গলবার টুইটারে নিজের অভিজ্ঞতার কথা বলেন ওয়াসিম। তিনি লেখেন, "আজ ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে যে ঘটনা ঘটল তা আমায় খুব দুঃখ দিয়েছে। আমি যখনই কোথাও যাই, আমার ইনসুলিন ব্যাগ সঙ্গে থাকে। কিন্তু কোনওদিন আমাকে এত অপমানিত হতে হয়নি। সবার সামনে যেভাবে আমাকে প্রশ্ন করা হয়েছে, তাতে আমি খুব অপমানিত হয়েছি। আমাকে বাধ্য করা হয়েছে কোল্ড কেস থেকে ইনসুলিনের প্যাকেট বের করে প্লাস্টিকের মধ্যে ফেলে দিতে।"
পরে অবশ্য ওয়াসিম আরও লেখেন, "আমি কখনওই বলছি না, আমার সঙ্গে অন্যদের থেকে আলাদাভাবে ব্যবহার করা উচিত ছিল। আমি বলছি, প্রত্যেকের সঙ্গে কথা বলার একটা শালীনতা থাকা উচিত। আমি জানি, বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থার দিকে নজর রাখা হয়। কিন্তু তার মানে এই নয়, অন্যকে হেনস্থা করে সেই সুরক্ষা দেখতে হবে।"
১৯৯৭ সালে প্রথম ডায়াবেটিসে আক্রান্ত হন ওয়াসিম। তখন তিনি পাক অধিনায়ক। কিন্তু তারপরেও খেলা চালিয়ে গিয়েছেন এই পেস বোলার। নিজেই অনেক সাক্ষাৎকারে বলেছেন, তখন দিনে একাধিকবার ইনসুলিন ইঞ্জেকশন নিতে হতো। আক্রমই একমাত্র বোলার যাঁর ওয়ান ডেতে ৫০০-র বেশি উইকেট আছে। অবশ্য এখন অনেকটাই সুস্থ ওয়াসিম। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও কমেন্ট্রি টিমের সদস্য হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। কিন্তু তখন তাঁকে এই অবস্থার সামনে পড়তে হয়নি, যা মঙ্গলবার পড়তে হলো।