
শেষ আপডেট: 26 January 2019 12:13
গত বড় ম্যাচ জয়ের পর বাইপাস ধরে উল্টোডাঙা স্টেশনের দিকে হাঁটতে থাকা এক প্রৌঢ় কয়েকজন তরুণ ইস্টবেঙ্গল সমর্থককে বলছিলেন, “সনি থাকলে ষোলো কলা পূর্ণ হতো।” গত ডার্বিতে চোটের জন্য মাঠে ছিলেন না সনি। অনেকেই মনে করেন, তিনি থাকলে ম্যাচের রঙ হয়তো বদলে যেতে পারত। ২৭-এর বিকেলে মাঠে নামবেন তিনি। আর তাই, সনিকে মাঠে রেখেই শিলিগুড়ির বদলা নিতে চায় লাল-হলুদ জনতা।
লাল-হলুদের কাছে রবিবারের বড় ম্যাচ ড্রও যা, হারও তাই। লিগের লড়াইয়ে টিকে থাকতে গেলে জেতা ছাড়া বিকল্প নেই আলেজান্দ্রো মেনেন্ডেজের সামনে। এ বারের ডার্বিতে অনেকগুলো ফ্যাক্টরকে গুরুত্ব দিচ্ছেন সমর্থক থেকে পর্যবেক্ষক সকলেই। তার মধ্যে অন্যতম ফ্যাক্টর সনি নর্ডি। ব্যারেটোর পর মোহনবাগানের এমন একজন ফুটবলার সনি, যিনি মুহূর্তে একার ক্যারিশমায় বদলে দিতে পারেন ম্যাচের রং। ফলে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে মোহনবাগান টিমের জন্য অ্যাডভান্টেজ।
অনেকের মতে আবার, সনি যেমন ছিলেন না মোহন জার্সিতে, ঠিক একইভাবে লাল-হলুদ জার্সিতে ছিলেন না এনরিকে এসকুইদাও। তিনিও ফিরছেন এই ম্যাচে। দেশ থেকে ডার্বি দেখানোর জন্য বাবাকে নিয়ে এসেছেন কলকাতায়। স্প্যানিশ মিডিও টনি ডোভালেরও প্রথম ডার্বি রবিবার। এনরিকে-জবি স্ট্রাইকিং লাইনকে এগিয়ে রাখছেন অনেকেই। তার উপর এই ম্যাচের আরও এক ফ্যাক্টর বাগানের কোচ পরিবর্তন। শঙ্করলাল চক্রবর্তীর বদলে এ বার মোহন ডাগআউটে দাঁড়াবেন প্রাক্তন লাল-হলুদ হেড স্যার খালিদ জামিল।
এ ম্যাচে আগাম অনুমান খাটে না। এমন ডজন ডজন ডার্বির উদাহরণ রয়েছে, যে পক্ষের টিম ধারভারে এগিয়ে থেকে মাঠে নেমেছে, তারাই শেষ পর্যন্ত হেরে মাঠ ছেড়েছে। তাই বিশেষজ্ঞদের অনেকেই বলেন, “ডার্বি সবসময় আনপ্রেডিক্টেবল।” এই ম্যাচে দু’দলই নামবে পুরো শক্তি নিয়ে। খেলার শুরু থেকে মাঝমাঠের দখল যার মোটামুটিভাবে ম্যাচের নিয়ন্ত্রণও তাদেরই। ফুটবল মহলের অনেকে বলেন, ইস্টবেঙ্গল-মোহনবাগান যতটা না ফুটবলের লড়াই, তার চেয়ে অনেক বেশি স্নায়ুর লড়াই।
বড় ম্যাচ জিততে পারলে চেন্নাইয়ের সঙ্গে টক্কর দেবে ইস্টবেঙ্গল। দক্ষিণের দলটি পয়েন্ট খোয়ালেই সুযোগ চলে আসবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের সামনে। এর পরেও বাকি থাকবে সাতটি ম্যাচ। অর্থাৎ ২১ পয়েন্টের খেলা বাকি। লাল-হলুদ জনতা তাকিয়ে সে দিকেই।
আর কানে বাজছে স্প্যানিশ কোচের সেই উক্তি, “আমার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যই মাঠে নামে।”
আরও পড়ুন-
https://www.four.suk.1wp.in/news-sports-sony-norde-wants-to-bring-back-machine-gun-celebration-in-derby/