দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে ক্রিকেট। মাসখানেক আগে ফের ক্রিকেট শুরু হলেও ভারতে এখনও খেলা শুরু হয়নি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। অবশ্য সংক্রমণের কারণে তা হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। তাতে কী, দীর্ঘ বিরতির পরে ফের মাঠে নামবেন কোহলি, ধোনি, রোহিত শর্মারা। আর তার আগে নিজের নতুন লুকে সবাইকে অবাক করে দিলেন হিটম্যান রোহিত শর্মা।
বৃহস্পতিবার নিজের জিমের একটি ভিডিও শেয়ার করেন রোহিত শর্মা। সেখানেই দেখা যায় গালভর্তি চাপ দাড়ি তাঁর। এমনিতে রোহিত দাড়ি রাখলেও তাঁর এই নতুন লুক দেখে বোঝা যাচ্ছে অনেকদিন দাড়ি কাটেননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। রোহিতের এই নতুন লুকে মজেছেন তাঁর ফ্যানরা। আসছে নানা ধরনের কমেন্ট।
https://www.instagram.com/p/CD0rz2PBS6T/?igshid=1ish2aqc6p29h
আইপিএলের ইতিহাসে সবথেকে সফল অধিনায়ক রোহিত। মুম্বইকে চারবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। ইতিমধ্যেই অবশ্য সব ক্রিকেটারদের কোয়ারেন্টাইন করা শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। যেহেতু রোহিত মুম্বইয়েই আছেন, তাই শিগগির তিনি দলের বাকিদের সঙ্গে যোগ দেবেন। জানা গিয়েছে, ভারতে কোনও শিবির করবে না মুম্বই ইন্ডিয়ান্স। তাই অগস্টের শেষ সপ্তাহের আগে সংযুক্ত আরব আমিরশাহী যেতে পারবে না তারা। রওনা হওয়ার আগেই দলের সঙ্গে যোগ দেবেন হিটম্যান।
ফেব্রুয়ারি মাসের পর থেকে ক্রিকেট খেলেননি রোহিত। নিউজিল্যান্ডে টি ২০ সিরিজে কাফ মাসলে চোট পান তিনি। ফলে ওয়ান ডে ও টেস্ট সিরিজ খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বিশ্রামে ছিলেন তিনি। অন্যদিকে মুম্বইয়ের আর এক তারকা হার্দিক পান্ডিয়া আবার গত বছর বিশ্বকাপের পরে থেকে মাঠে নামেননি। পিঠের চোটের অস্ত্রোপচার হয় তাঁর। তারপর থেকে প্রস্তুতি শুরু করলেও মাঠে দেখা যায়নি হার্দিককে। তাই দলের দুই অন্যতম অস্ত্র কেমন খেলেন সেদিকেই তাকিয়ে রয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমের সমর্থকরা।
বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ২০ অগস্টের পরেই দেশ ছাড়তে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। আমিরশাহী যাওয়ার পরে সাতদিনে বায়ো-বাবলের মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের। তার মাঝে তিনবার নমুনা পরীক্ষা করা হবে তাঁদের। প্রতিটি রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের আউটডোর অনুশীলন করার অনুমতি দেওয়া হবে। টুর্নামেন্ট চলাকালীন প্রতি পাঁচদিন অন্তর নমুনা পরীক্ষা হবে ক্রিকেটারদের।
মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য কবে আমিরশাহী রওনা হবে সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজির তরফে কিছু জানানো হয়নি। তার আগে নিজের নতুন লুক নিয়ে হাজির হলেন হিটম্যান। এখন দেখার এই নতুন লুক আইপিএলে তাঁর জন্য ফের খুশির খবর বয়ে আনতে পারে কিনা।