রাহুল-পন্থের দুরন্ত লড়াইয়েও হলো না শেষ রক্ষা, জয় দিয়েই কুক'কে ফেয়ারওয়েল দিল ইংল্যান্ড
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ দিনের শেষে মনে হয়েছিল ভারতের হার শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু লড়াই করলেন রাহুল ও পন্থ। ম্যাচ ড্র এমনকী জয়েরও স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অনেক সমর্থক। কিন্তু নতুন বল না নিয়ে পুরোনো বলে আদিল রশিদকে ক্রমাগত বল করিয়ে য
শেষ আপডেট: 12 September 2018 06:24
দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ দিনের শেষে মনে হয়েছিল ভারতের হার শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু লড়াই করলেন রাহুল ও পন্থ। ম্যাচ ড্র এমনকী জয়েরও স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অনেক সমর্থক। কিন্তু নতুন বল না নিয়ে পুরোনো বলে আদিল রশিদকে ক্রমাগত বল করিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি সফল হলো জো রুটের। রশিদের হাতে প্রথমে রাহুল ও তারপর পন্থ আউট হতেই শেষ হয়ে গেল যাবতীয় আশা। পঞ্চম টেস্ট ১১৮ রানে জিতে ইংল্যান্ড সিরিজ জিতল ৪-১ ব্যবধানে।
সোমবার দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ৪২৩ রানে ডিক্লেয়ার্ড দিয়েছিল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ৪০ রানে এগিয়ে থাকার সুবাদে ভারতের সামনে জয়ের টার্গেট ছিল ৪৬৪ রানে৷ কিন্তু শুরুতেই ভারতীয় ইনিংসের তিন উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে রুটবাহিনী৷ মাত্র দু’ রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতের তিন ব্যাটসম্যান (শিখর ধাওয়ান ১, বিরাট কোহলি ০, চেতেশ্বর পূজারা ০)৷ কিন্তু সেখান থেকে ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যান অজিঙ্ক রাহানে এবং রাহুল৷ চতুর্থ উইকেটে ১১৮ রান যোগ করে রাহুল-রাহানে জুটি৷ কিন্তু প্রথমে রাহানে ও তারপর শূন্য রানে হনুমা বিহারী আউট হতেই ফের চাপে পড়ে যায় ভারত।
তারপর রাহুলের সঙ্গে খেলার হাল ধরেন ঋষভ পন্থ। ওভাল টেস্টে ভারতের পাওনা পন্থ৷ ইংল্যান্ডের মাটিতে কঠিন পরিস্থিতিতে ছক্কা মেরে সেঞ্চুরি করে নজর কাড়েন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান৷ তার আগে টেস্ট কেরিয়ারে পঞ্চম সেঞ্চুরি করে দলে নিজর জায়গা মজবুত করেন রাহুল৷ চা-বিরতি পর্যন্ত ভারতের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ২৯৮৷ রাহুল ও ঋষভ পন্থের ১৭৭ রানের অবিভক্ত পার্টনারশিপে লড়াইয়ে ফেরে ভারত৷ লাঞ্চ থেকে চা-বিরতিতে কোনও উইকেট না-হারিয়ে ১৩১ রান তোলে টিম কোহলি৷

১১৮ বলে ১৪টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পান পন্থ৷ ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে নজির গড়েন দিল্লির এই তরুণ তুর্কি৷ শুধু তাই নয়, ভারতের চতুর্থ ক্রিকেটার (কপিল দেব, হরভজন সিং, ইরফান পাঠানের পর) হিসেবে ছক্কা মেরে টেস্টে সেঞ্চুরি করলেন পন্থ৷
https://twitter.com/sachin_rt/status/1039525767821123585
ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুল ও ঋষভ পন্ত ২০৪ রান যোগ করে ম্যাাচ ড্র এমনকী জয়ের সম্ভাবনা জাগালেও ইংল্যান্ড অধিনায়কের নতুন বল না নেওয়ার রিস্ক এ দিন কাজে লেগে যায়। ব্যক্তিগত ১৪৯ রানের মাথায় আদিল রশিদের বিশ্বমানের গুগলিতে আউট হন রাহুল। তারপর রশিদের বলেই ছক্কা মারতে গিয়ে লং অনে মঈন আলির হাতে ক্যাচ দিয়ে ১১৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন পন্থ।

তারপর নতুন বল নেন রুট। আর তাতেই শেষ হয়ে যায় ভারতের বাকি তিন উইকেট। স্যাম কুরানের শিকার হন ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা। অন্যদিকে শামিকে দুরন্ত ইনসুইংগারে আউট করে ভারতের ইনিংস শেষ করে দেন জিমি অ্যান্ডারসন। শামিকে আউট করতেই ৫৬৪ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন জিমি। ভাঙলেন গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। তাঁর সামনে খালি তিনি কিংবদন্তি স্পিনার। মুরলীধরণ, ওয়ার্ন ও অনিল কুম্বলে।
প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান করায় ম্যাচের সেরা নির্বাচিত হন অ্যালিস্টার কুক। নিজের টেস্ট কেরিয়ারের প্রথম টেস্টেও ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন কুক। হয়েছিলেন ম্যাচের সেরা। ইংল্যান্ড জিতেছিল সেই টেস্ট। শেষ টেস্টেও ভারতের বিরুদ্ধেই শতরান করে ম্যাচের সেরা হলেন কুক। ম্যাচ জিতল ইংল্যান্ড। এর থেকে ভালো ফেয়ারওয়েল আর কী হতে পারত প্রাক্তন ইংরেজ অধিনায়কের জন্য। অন্যদিকে সিরিজের সেরা যুগ্মভাবে নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি ও স্যাম কুরান।