
দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুশফিকুর রহিম।
শেষ আপডেট: 19 July 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে। ক্যাম্পাসে এমন পরিস্থিতি আর দেখতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। রক্তপাত অবিলম্বে বন্ধ হয়ে শান্তি ফিরে আসুক দেশে, সেটাই মনেপ্রাণে চাইছেন এই তারকা ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম মঞ্চ ফেসবুকের এক পোস্টে ক্যাম্পাসগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন মুশফিকুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা করার বিষয়টিকে নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে মুশফিকুর আরও লিখেছেন, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনও হিংসা দেখতে চাই না।’’
গত মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় লাগিয়ে মৌন প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে তাঁরাও আহত হয়েছেন বলে খবর।
বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের তারকা লিখেছেন, ‘‘আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনও উপায়েই দেশে শান্তি ফিরে আসুক।’’
এর আগে গতকাল মঙ্গলবার কোটা আন্দোলন নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ খেলতে যাওয়া ক্রিকেটার তৌহিদ হৃদয় ও পেসার শরিফুল ইসলাম।
হৃদয় লিখেছেন, ‘‘সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের রক্ত ঝরুক, আমি চাইছি না।’’ একই দিনে নিজের ফেসবুক পেজে শরিফুল জানান, ‘‘আমি একজন ক্রিকেটার হলেও প্রথমে আমি একজন ছাত্র। আমি চাই না, আর কোনও ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। এটা চোখে দেখা যায় না।’’