
শেষ আপডেট: 15 January 2024 19:27
দ্য ওয়াল ব্যুরো: ভিসা সমস্যা কাটিয়ে কলকাতায় চলে এলেন মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সুপার কাপে দুটি ম্যাচেই জিতেছে সবুজ মেরুন দল। শুক্রবার টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
ওই ম্যাচটিতে মাঠের ডাগআউটে থাকবেন হাবাস। যিনি এতদিন স্পেনের মাদ্রিদ থেকে ফোনে দলকে পরিচালনা করেছেন। দলের দায়িত্বে ছিলেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। মঙ্গলবারই সকালে ভুবনেশ্বরে পৌঁছবেন আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন কোচ।
সোমবার কলকাতায় আসার পরে হাবাস জানিয়েছেন, আমার কাছে এবারও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি কৃতজ্ঞ মোহনবাগান সুপার জায়ান্টসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার কাছে। তিনি আমাকে ফের বড় দায়িত্ব দিয়েছে। দলের সমর্থকদের এবারও আমার কাছে অনেক প্রত্যাশা, সেটি পূরণের চেষ্টা করব।
হাবাস আরও বলেছেন, দলের টিডি হিসেবে আমার সঙ্গে ফুটবলারদের যোগাযোগ ছিলই। এবার মাঠে নেমে হাতেকলমে কাজ করতে পারব।
শুক্রবার সুপার কাপের ডার্বিতে মোহনবাগানকে জিততেই হবে। অপরদিকে ইস্টবেঙ্গলকে ড্র করলেই চলবে। কার্যত ম্যাচটি কোয়ার্টার ফাইনাল হতে চলেছে। যে হারবে তারই বিদায়। ড্র হলে আবার লাল হলুদের সুবিধে হয়ে যাবে।
এদিকে, শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে কার্লোস কুয়াদ্রাতের লাল হলুদ দল এগিয়ে শুরু করবে। তারা বেশি গোল করেছে মোহনবাগানের থেকে। দু’জনের পয়েন্ট সমান হলেও সুপার কাপের নিয়মে যে বেশি গোল করবে, তারাই সুবিধে পাবে। তাই সবুজ মেরুন দলকে জিততেই হবে। মোহনবাগান যেখানে চারটি গোল করেছে, ইস্টবেঙ্গল গোল করেছে পাঁচটি। হাবাসকে যে প্রথম ম্যাচেই কঠিন লড়াইয়ে পড়তে হবে, সেটি বেশ ভাল করেই বোঝা গিয়েছে।