
দুরন্ত মেজাজে মোহনবাগান।
শেষ আপডেট: 30 July 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের মধ্যেই কলকাতা লিগে দাপট মোহনবাগানের। তারা মঙ্গলবার লিগের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে হারিয়েছে। সবুজ মেরুন দলের হয়ে হ্যাটট্রিক করেছেন সুহেল ভাট। কাশ্মীরের এই ছেলের প্রতাপে বড় জয় মোহনবাগানের।
লিগে পালতোলা নৌকার অবস্থা সুবিধার ছিল না। তারা ছয় পয়েন্ট পেয়ে চাপে ছিল। সেদিক থেকে এদিনের বড় জয় তাদের মানসিকভাবে চাঙ্গা করে দিয়েছে। অবনমনের ভ্রুকুটি থেকে বেরিয়ে গিয়েছে সবুজ মেরুন দল। মোহনবাগান নবম স্থানে থেকে পাঁচে উঠে এসেছে দল। কার্ডেজোর দলের পয়েন্ট নয়।
বাগান দলটি তিনটি ড্র এবং একটি ম্যাচে হেরে যাওয়ায় চাপে ছিল ভাটরা। সেই কারণে এই ম্যাচে বিস্তর চাপ নিয়ে খেলতে নেমেছিলেন মোহনবাগানের এই রিজার্ভ দল।
মোহনবাগান এদিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে। বরং ম্যাচে টালিগঞ্জকে দেখে বোঝা যায়নি তাদের অতীত গরিমা। কারণ তারা একটা সময় জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ছিল। সেই দাপুটে মেজাজ দেখা যায়নি ম্যুর অ্যাভিনিউ দলের খেলায়।
এই ম্যাচে সুহেল ভাট দেখালেন তিনি সিনিয়র দলে স্থান পাওয়ার যোগ্য। এই তরুণ ফরোয়ার্ড গোল করেছেন ৫৯, ৬৩ এবং ৭০ মিনিটে। দ্বিতীয়ার্ধে সুহেলের ভয়ঙ্কর মেজাজের সামনে ম্রিয়মান দেখিয়েছে টালিগঞ্জকে। বাগান দলটি একটি গোল হজম করেছে। শুরুতে অবশ্য মোহনবাগান এগিয়ে যায় প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে। দলের রক্ষণ থেকে মাঝমাঠের মধ্যে দারুণ বোঝাপড়া দেখা গিয়েছে। টানা দুই ম্যাচ জিতে ডুরান্ডের মধ্যেই চাঙ্গা সবুজ মেরুন শিবির।