জিতে, নজির গড়ে মেসির কান্নাই এখন আলোচনার বিষয় বিশ্ব ফুটবলে
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) কেন জেতার পরেও কাঁদলেন, সেই নিয়ে আলোচনা চলছে বিশ্ব ফুটবলে। বলিভিয়ার (Bolivia) বিপক্ষে ম্যাচে মেসির হ্যাটট্রিক (Hattrick) নিয়ে আলোচনা চাপা পড়ে গিয়েছে তাঁর কান্নার ঘটনায়।
করেছেন দুর্দান্ত এক হ্যা
শেষ আপডেট: 10 September 2021 10:36
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি (Lionel Messi) কেন জেতার পরেও কাঁদলেন, সেই নিয়ে আলোচনা চলছে বিশ্ব ফুটবলে। বলিভিয়ার (Bolivia) বিপক্ষে ম্যাচে মেসির হ্যাটট্রিক (Hattrick) নিয়ে আলোচনা চাপা পড়ে গিয়েছে তাঁর কান্নার ঘটনায়।
করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, ভেঙেছেন ফুটবল সম্রাট পেলের (Pele) রেকর্ড। তাও আবার দীর্ঘ ১৮ মাস পর ফিরলেন নিজের দর্শকদের সামনে। কোথায় উল্লাসে ফেটে পড়বেন, বরং তাঁকে অঝোরে কাঁদতে দেখা গিয়েছে। সবাই সেইসময় মেসিকে দেখছিল, শিশুর মতো কাঁদছিলেন তিনি।
ক্লাব ফুটবলে হিরো, জাতীয় দলে জিরো, দীর্ঘদিন এই অপবাদ সহ্য করতে হয়েছে আর্জেন্টাইন জাদুকরকে। তিনি কেন দেশের হয়ে খেতাব জিততে পারেন না, সেই নিয়ে সমানে কথা হয়েছে। কোপা জিতে তিনি তার জবাব দিয়েছেন।
আরও পড়ুন: মেসির নতুন নজির, ভাঙলেন ফুটবল সম্রাটের রেকর্ড
গত জুলাই মাসে ব্রাজিলের মাঠ থেকে অপরাজিত থেকেই কোপা আমেরিকা শিরোপা জয় করে ফিরেছেন মেসি। কিন্তু করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে সেভাবে নিজ দেশের মানুষের সঙ্গে শিরোপা উল্লাস করতে পারেনি আর্জেন্টিনা। সেই সুযোগ মিলল প্রায় দুই মাস পর, বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে।
দলের জয়ে গোল তিনটি একাই করেছেন মেসি। জাতীয় দলের হয়ে এটি তাঁর সপ্তম হ্যাটট্রিক ও সব মিলিয়ে করলেন মোট ৫৫টি হ্যাটট্রিক।
এই হ্যাটট্রিকের সুবাদে আন্তর্জাতিক ফুটবলে ৭৭ গোল করা পেলেকে ছাড়িয়ে গিয়েছেন মেসি। তাঁর গোল এখন ৭৯টি। কিন্তু ম্যাচ শেষে হ্যাটট্রিক ও জয়ের আনন্দে মাতোয়ারা হওয়ার বদলে মেসি কাঁদছিলেন।
অনেকেই মনে করছেন তাঁর নামে চলা অপবাদের যন্ত্রনা তাঁকে অনবরত সহ্য করতে হয়েছে। সেই ঘটনায় তিনি আবেগেই চোখের জল ফেলেছেন। ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করেছি। আমি সত্যিই চাইছিলাম যেন এই সাফল্য উপভোগ করতে পারি। দীর্ঘদিন ধরে এর অপেক্ষায় ছিলাম। আমি এটি খুঁজেছি এবং স্বপ্ন দেখেছি। দীর্ঘ অপেক্ষার পর এটি যেভাবে এসেছে তা এক অনন্য মুহূর্ত আমার কাছে।’’
এসময় নিজের পরিবারের কথাও মনে করিয়ে দেন মেসি। তাঁর মা ও ভাইদেরও এই নিয়ে কথা শুনতে হয়েছে। সেটিতেও আহত হয়েছিলেন মেসি। তাই ম্যাচ শেষে মিডিয়াকে জানিয়েছেন, ‘‘এখানে কোপা জয়ের আনন্দও সেরে ফেললাম আমরা। আমার মা ও ভাইরা এখানে রয়েছে, তাঁদের সামনে ভাল কিছু করতে পারার আনন্দ আলাদা।’’
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'