
মনোজ তিওয়ারি ও রিকি পন্টিং
শেষ আপডেট: 27 April 2025 11:58
দ্য ওয়াল ব্যুরো: হতে পারে তারা আইপিএলের (IPL 2025) পয়েন্ট টেবিলে (IPL Point Table) চার নম্বর স্থানে রয়েছে। তবু প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) মনে করছেন, চলতি সিজনে প্রথমবারের জন্য আইপিএল ট্রফি জিততে ব্যর্থই হবে পাঞ্জাব কিংস (Punjab Kings)। আর এর জন্য দলের কোচ রিকি পন্টিংকে (Ricky Ponting) সরাসরি নিশানা করেছেন তিনি।
গতকাল ব্যাপক ঝড়বৃষ্টির জেরে ইডেনে (Eden Gardens) কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ (KKR vs PBKS) পণ্ড হয়। যার জেরে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলা পাঞ্জাব ৪ ম্যাচ জিতে, ৩টিতে হেরে এবং একটি ফলাফলশূন্য ম্যাচে এক পয়েন্ট নিয়ে সর্বমোট ১১ পয়েন্ট সমেত টেবিলে চার নম্বরে রয়েছে। শীর্ষে গুজরাত টাইটানস (Gujrat Titans)। তাদের পকেটে ১২ পয়েন্ট।
পয়লা নম্বর স্থানে পৌঁছনোর এবং শেষ পর্যন্ত প্রথমবারের জন্য আইপিএল জেতার সম্ভাবনা থাকলেও পাঞ্জাব মনোজ তিওয়ারির বাজি নয়। আর এর জন্য তিনি দুষেছেন রিকি পন্টিংকে। মনোজের দাবি, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার, যিনি এবারের সিজনে পাঞ্জাবের হেড কোচের ভূমিকায় রয়েছেন, তিনি নাকি ফর্মে থাকা ভারতীয় ক্রিকেটারদের বসিয়ে বিদেশের খেলোয়াড়দের প্রতি অন্যায় পক্ষপাত দেখাচ্ছেন। এর ফল আগামী দিনে ভুগতে হতে পারে গোটা দলকে।
ইডেনে কেকেআরের বিরুদ্ধে ভেস্তে যাওয়া ম্যাচের দুটি ঘটনাকে নমুনা হিসেবে তুলে ধরেছেন মনোজ। প্রথমত, নিশানা করেছেন পাঞ্জাবের ব্যাটিং লাইন আপকে। প্রভসিমরন সিং ১৫ তম ওভারে ৪৯ বলে ৮৩ বলে আউট হওয়ার পর নেহাল ওয়াধিরাকে না নামিয়ে পাঠানো হয় অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলে। চলতি টুর্নামেন্টে ছন্দে রয়েছেন নেহাল। বিশেষ করে চার নম্বর পজিশনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তা সত্ত্বেও স্বজাতি বলেই কি ধুঁকতে থাকা ম্যাক্সওয়েলেই আস্থা রেখেছেন পন্টিং? ঠারেঠোরে প্রশ্ন ছুড়েছেন মনোজ। তাঁর আশঙ্কা সত্যি প্রমাণ করেছেন ম্যাক্সওয়েল নিজেই। মাত্র ৭ রান করে গতককালও ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন অজি অলরাউন্ডার।
এখানেই শেষ নয়। ২০০ রানের টার্গেট নিয়ে নামা পাঞ্জাব ম্যানেজমেন্ট কেন অন্তিম লগ্নে শশাঙ্ক সিংয়ের পরিবর্তে মার্কো জানসেন এবং জস ইংলিসকে প্রমোশন দিল, সেটা নিয়েও সওয়াল করেছেন মনোজ তিওয়ারি। এক্স-হ্যান্ডেলে লেখা লম্বা পোস্টে তিনি বলেন, ‘আমার মন বলছে এবারের আইপিএল পাঞ্জাব জিততে পারবে না। যখন ওরা ব্যাটিং করছিল সেই সময় কোচ ফর্মে থাকা নেহাল ওয়াধিরা কিংবা শশাঙ্ক সিংকে না নামিয়ে বিদেশি খেলোয়াড়দের নামানোর সিদ্ধান্ত নেন। এ থেকেই বোঝা যায়, তিনি ভারতীয় ক্রিকেটারদের খুব একটা বিশ্বাস করেন না। এভাবেই যদি চলতে থাকে, তাহলে পাঞ্জাব সেরা দুই দল হিসেবে মোটেও কোয়ালিফাই করতে পারবে না।‘
প্রসঙ্গত, শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস ৩০ এপ্রিল তাদের পরের ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। লড়াই হবে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। তারপরের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, ৪ মে।