
শেষ আপডেট: 16 January 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: সুপার কাপের বড় ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে কলকাতার দু’প্রধানের। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সন্ধ্যা সাতটার সময় মোহনবাগান সুপার জায়ান্টস ও ইমামি ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচ রয়েছে। ওই ম্যাচে এগিয়ে শুরু করবে লাল হলুদ। কারণ ম্যাচটিতে ড্র করলেই কার্লোস কুয়াদ্রাতের দল সেমিফাইনালে চলে যাবে।
পাশাপাশি মোহনবাগানের কাছে কঠিন লড়াই। তাদের জিততেই হবে। এদিনই দলের মূল কোচ আন্তোনিও লোপেজ হাবাস ভুবনেশ্বরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ভিসা সমস্যা কাটিয়ে তিনি গতকালই মাদ্রিদ থেকে কলকাতায় পা দিয়েছিলেন।
দেশের যে প্রান্তেই খেলা হোক না কেন, দু’প্রধানের সমর্থকরা যাবেনই মাঠে। তাই সুপার কাপের ম্যাচে কলকাতা থেকে সমর্থকরা যাচ্ছেন মাঠে। তার মধ্যেই আবার ওই ম্যাচ ঘিরে দুই ক্লাবের দুই শীর্ষ কর্তা কথার যুদ্ধে জড়িয়ে গিয়েছেন।
ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার যেমন বলেছেন, ‘শুক্রবার ম্যাচে যারা মস্তানি করবে, তারাই জিতবে। আমাদের ছেলেরা যদি সেদিন সেটি করতে পারে, তারাই শেষ হাসি হাসবে।’
ওই কথার জবাবে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বলেছেন, ‘আমাদের তো আটজন ফুটবলার নেই। সাতজন তার মধ্যে কাতারে ভারতের এশিয়ান কাপের দলে। আশিক কুরিয়ান চোটের কারণে নেই। আমরা তো হ্যান্ডিক্যাপড হয়ে রয়েছি। তারপরেও যদি ওরা মস্তানি না করতে পারে, তা হলে আর কবে করবে?’
চলতি সুপার কাপে দুই বড় দলই দুটি ম্যাচে জিতেছে। মোহনবাগান গোলও যেমন দিয়েছে, হজমও করেছে। বরং সুপার কাপে নিয়ম অনুযায়ী, লাল হলুদ দল বেশি গোল দেওয়ার কারণে পয়েন্ট তালিকায় অপেক্ষাকৃত এগিয়ে রয়েছে। ম্যাচে দুই স্প্যানিশ কোচ, হাবাস ও কুয়াদ্রাতের মধ্যেও কৌশলগত দ্বৈরথ দেখা যাবে।