.png)
বিরাট কোহলি
শেষ আপডেট: 21 April 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় মুল্লানপুরে পঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে চলতি আইপিএলের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challangers Bengaluru)। এই ম্যাচে আরসিবি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পঞ্জাব ১৫৭ রানে আটকে যায়। এরপর বিরাট কোহলি (Virat Koholi) ও দেবদত্ত পাড্ডিকালের (Devdutt Padikkal) ব্যাটে ভর করে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি। ম্যাচ সেরা (Man of the match) হন বিরাট।
তবে বিরাট কোহলি ম্যাচ সেরার পুরস্কার পেয়ে কিছুটা অবাক-ই হয়ে গিয়েছেন। পঞ্জাব কিংসের বিপক্ষে কোহলি করেছেন অপরাজিত ৭৩ রান। বেঙ্গালুরুর সর্বোচ্চ রান এসেছে কিং কোহলির ব্যাট থেকেই। তবে ভিকে মনে করছেন, এই পুরস্কার দেবদত্ত পাডিক্কাল অথবা কোনও বোলারকে দেওয়া উচিত ছিল।
আরসিবি সাত বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রবিবার। ম্যাচ শেষে কোহলি বলেন, “প্রতিটি ম্যাচে ২ পয়েন্ট পাওয়ার মানসিকতা থাকা উচিত। আমি আরও দ্রুত এগোতে চেয়েছিলাম। তবে, আমার মনে হল পাডিক্কাল আজ অন্যরকম কিছু করছে, ওর এই পুরস্কার পাওয়া উচিত ছিল। আমি জানি না কেন আমাকে ম্যাচ সেরা পুরস্কার দেওয়া হল। আমি প্রথমে এক প্রান্ত ধরে রেখেছিলাম এবং তারপর দ্রুত এগোনোর চেষ্টা করি।”
বিরাট দেবদত্ত পাডিক্কালের (৬১) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন। যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চলতি মরশুমে এটি বিরাটের চতুর্থ অর্ধশতক।
কোহলি বলেন, “আমরা নিজেদের ভালভাবে প্রস্তুত করেছি। পাডিক্কাল চারপাশে খেলতে পারে, হয়তো রজত পাটিদারও চারপাশে খেলতে পারে। আমরা জানি যে, টি-টোয়েন্টি ক্রিকেটে লক্ষ্য তাড়া করার জন্য একটি পার্টনারশিপই যথেষ্ট। প্রয়োজনে, আমি দ্রুত রান করতে পারি।”
কোহলি এখন পর্যন্ত আইপিএলে ৮,৩২৬ রান করেছেন এবং চলতি মরশুমে আট ম্যাচে করেছেন ৩২২ রান। বিরাট বলেন, “এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। যখন আপনি আট পয়েন্ট থেকে ১০ পয়েন্টে পৌঁছন, তখন এটি একটি বড় পার্থক্য তৈরি করে। আমরা দেশের বাইরেও দুর্দান্ত কিছু ক্রিকেট খেলেছি। আমাদের মানসিকতা হওয়া উচিত প্রতিটি ম্যাচ থেকে দু’টি পয়েন্ট তুলে নেওয়া।”