
বৈভব সূর্যবংশী ও রাহুল দ্রাবিড়
শেষ আপডেট: 1 May 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং… রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছত্রচ্ছায়ায় কাদের কেরিয়ার তৈরি হয়েছে, সেই তালিকা ক্রমশ দীর্ঘায়িত হতে পারে। সম্প্রতি যে নতুন মুখ শুধু আইপিএল কিংবা ভারতের ময়দান নয়, বিশ্বক্রিকেটেও ঝড় তুলেছে, সেই বৈভব সূর্যবংশীও (Vaibhav Suryavanshi) দ্রাবিড়ের গুরুকুলের ছাত্র। হয়তো সর্বকনিষ্ঠও। কিন্তু গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যেভাবে সবার মুখে মুখে বছর চোদ্দোর বৈভবের গুণকীর্তন চলছে, তাতে তাঁকে ‘সামলে চলা’র পরামর্শ দিলেন রাহুল।
বিধ্বংসী শতরান প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের মেন্টর বলেন, “এত অল্প বয়সে কেউ এমন শতরান করছে—এই দৃশ্য খুব একটা দেখা যায় না। শট বাছাই দেখেই মনে হয়, ও আগামী দিনে উন্নতি করবে এবং আরও ভাল ক্রিকেটার হয়ে উঠবে। কেউ বলছে না, বৈভব পুরোপুরি প্রস্তুত। ওকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। তা ছাড়া ও যেটা নয়, সেটা যেন কেউ বানিয়ে না তোলে। বৈভব সব দিক দিয়ে ভীষণ প্রতিশ্রুতিমান তরুণ খেলোয়াড়।“
রাজস্থান রয়্যালস শিবিরে কীভাবে নিজেকে মেলে ধরেছেন, সে কথা ইতিমধ্যে শেয়ার করেছেন সমস্তিপুরের কিশোর। দলের স্টাফ মেম্বারদের ভূমিকা স্বীকার করেছেন দ্রাবিড়ও। বলেছেন, “ওর কেরিয়ারে অনেক চড়াই-উতরাই আসবে। টি-২০ ক্রিকেটের ফরম্যাটই হচ্ছে, এখানে এমন কিছু দিন আসবে যখন সবকিছু ওর পক্ষে যাবে না। আমদের দিক থেকে বৈভবকে সব সময় উৎসাহ জোগানো হয়। যাতে ও নিজের খেলা খেলতে পারে, খেলাটাকে উপভোগ করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে বৈভব নিজেকে বদলাবে, আরও ধারালো করবে। কিন্তু আপাতত আমাদের দায়িত্ব হচ্ছে ওকে স্বাধীনতা দেওয়া, যাতে বৈভব আনন্দের সঙ্গে খেলতে পারে।“
কিন্তু দল ছাড়লেও মিডিয়ার হাত থেকে যে মুক্তি নেই। সেই ফাঁদ কেটে কীভাবে সম্পূর্ণ রূপে সাফল্য অর্জন সম্ভব? রাহুলের কথায়, “অবশ্যই চারপাশের গুঞ্জন পুরোপুরি অগ্রাহ্য করা সম্ভব নয়। অনেক বিষয়ই বৈভবের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। লোকে কতটা ও কখন কথা বলবে সেটা ঠিক করার ও কেউ নয়। বৈভবের কাজ হচ্ছে আশপাশে কী হচ্ছে সেসব বুঝে নিজের জন্য একটা পরিসর তৈরি করা। যদিও আমার মনে হয়, এটা শুধু ওর জন্য নয়, দেশের সমস্ত উঠতি ক্রিকেটারদের জন্য সত্যি।“