1.png)
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ
শেষ আপডেট: 23 April 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam) সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কিছু সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং সানরাইজার্স হায়দরাবাদের (Surisers Hyderabad) মধ্যে আজকের ম্যাচে খেলোয়াড় এবং আম্পায়াররা কালো আর্মব্যান্ড (Black Armband) পরে মাঠে নামবেন। পাশাপাশি এই ম্যাচে থাকছে না চিয়ার লিডাররাও (Cheerleaders)। হবে নীরাবতা পালনও।
মঙ্গলবারের এই হামলায় দুই বিদেশি নাগরিক-সহ ২৬ জন নিহত হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করে জানিয়েছে, বুধবার হায়দরাবাদ এবং মুম্বইয়ের মধ্যকার ম্যাচ চলাকালীন নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
বোর্ড জানিয়েছে, ম্যাচ চলাকালীন উভয় দলের খেলোয়াড় এবং আম্পায়াররা কালো ব্যান্ড পরবেন ও ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা (Silence) পালনও করা হবে। শুধু তাই নয়, এই ম্যাচে মাঠে কোনও চিয়ারলিডার থাকবে না।
গোটা ক্রীড়া জগতের মানুষ পহেলগাম হামলায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই সন্ত্রাসী হামলার পর, অনেক প্রাক্তন খেলোয়াড়ও সোশ্যাল মিডিয়ায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, "উভয় দলের খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে খেলবেন এবং কাশ্মীরের পহলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবেন। মুম্বই ইন্ডিয়ান্স এবং হায়দরাবাদ ম্যাচে কোনও চিয়ারলিডার থাকবে না। কোনও আতশবাজিও ফাটানো হবে না।"
মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পহেলগাম শহরের কাছে 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত একটি পর্যটন স্থানে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটি উপত্যকার সবচেয়ে মারাত্মক আক্রমণ। পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তইবার (LET) একটি সম্মুখ সংগঠন, রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলার দায় স্বীকার করেছে।