
অভিষেক শর্মা
শেষ আপডেট: 15 April 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: ঘুম পাড়ানি ক্রিকেট এখন অতীত। এখন টেস্ট ম্যাচেও একদিনে ৩০০-৩৫০ রান উঠে যাচ্ছে। একদিনের ম্যাচে ৩৫০ প্লাস রানও এখন আর নিরাপদ নয়। আসলে টি-টোয়েন্টি (T-20) ক্রিকেট বাইশ গজের দুনিয়াকে বদলে দিয়েছে। দর্শকরা এখন মাঠ ভরাচ্ছেন চার-ছক্কা দেখার জন্য। আইপিএল (IPL) ক্রিকেটের সঙ্গে বিনোদনকে মিশিয়ে এক নতুন দিগন্ত দেখিয়েছে। তবে আইপিএলের বড় টিআরপি ‘ছক্কা’। মাঠে রান রোটেট নয়, ছক্কা মারলেই শব্দব্রহ্ম।
যদিও বড় ছক্কাতে অতিরিক্ত রান নেই। ৬০ মিটারের হোক বা ১১৫ মিটার স্কোরবোর্ডে সেই ৬ রানই যোগ হবে। তবে অতীতে ক্রিস গেইল, কায়রন পোলার্ড, মহেন্দ্র সিং ধোনি ও বর্তমানে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, অভিষেক শর্মারা বড় ছক্কা মারতে ওস্তাদ। আর এ জন্য তাঁদের কদরও বেশি। বিশেষ করে টি-টোয়েন্টি লিগগুলিতে। আইপিএল-২০২৫-এও চলছে ছক্কা বর্ষণ। আসুন জেনে নেওয়া যাক চলতি মরসুমে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কাটা কে মেরেছেন?
সোমবার পর্যন্ত আইপিএলে ৩০টি ম্যাচ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ছক্কাটি হাঁকিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা (Avishek Sharma)। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ১০৬ মিটারের ছক্কা মারেন এই বাঁহাতি ওপেনার। সেদিন অভিষেক ছক্কা মারেন আরও ৯টি। খেলেন ৫৫ বলে ১৪১ রানের ইনিংস।
অভিষেকের পর ১০৫ মিটারের ছক্কা আছে দু’জনের। বেঙ্গালুরুর ফিল সল্ট (Fil Salt) ও হায়দরবাদের ট্রাভিস হেডের (Travis Head)। অজি তারকা হেড ১০৫ মিটারের ছক্কাটি মেরেছিলেন নিজেদের প্রথম ম্যাচে, ২৩ মার্চ। সল্টের বড় ছক্কাটি এসেছে ২ এপ্রিল, গুজরাটের বিপক্ষে। আশ্চর্যের বিষয় হল এই তিন জনই ওপেনার।
অভিষেক, স্লট, হেড বাদে ১০০ মিটারের বেশি দূরত্বের ছক্কা হাঁকিয়েছেন শুধু নিকোলাস পুরান ও অনিকেত বর্মা। দু’জনের ছক্কার দূরত্ব ১০২ মিটার করে।
আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ছক্কাটি এসেছিল অবশ্য দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আলবি মরকেলের। ২০০৮ সালে ১২৫ মিটারের ছক্কা মেরে এই রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি বর্তমানে আইপিএল খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে বড় ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। বেঙ্গালুরুতে খেলা এই অলরাউন্ডার ২০২২ সালে ১১৭ মিটারের ছক্কা মেরেছিলেন।