দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহিলা ক্রিকেট দল যে পুরুষদের থেকে খুব বেশি পিছিয়ে নেই, তা গত এক বছরে বিভিন্ন সিরিজে প্রমাণ হয়েছে। এ বার একসঙ্গেই সিরিজ খেলার সুযোগ মিলল ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের।
২০১৯ সালের জানুয়ারি মাসে ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। একই সময়ে কিউয়ি সফরে একদিনের ও টি-২০ সিরিজ খেলতে যাবেন মিতালি রাজরাও। শুধুমাত্র যে একই সময়ে পুরুষ ও মহিলারা সিরিজ খেলবে তাই নয়, দুই দলের সিরিজের টি-২০ ম্যাচগুলি একই দিনেই অনুষ্ঠিত হবে। অর্থাৎ টি-২০ ম্যাচগুলি হতে চলেছে ডাবল হেডার।
এর আগেও ২০১৬ সালে ভারতে একই সঙ্গে পুরুষ ও মেয়েদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এমনকি ফাইনাল ম্যাচ ইডেনে একই দিনে পরপর অনুষ্ঠিত হয়েছিল। ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপও চলেছিল। কিন্তু একই মাঠে অনুষ্ঠিত হয়নি।
বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি সহ ভারতীয় দলের অনেক খেলোয়াড়ই মহিলাদের ক্রিকেটের প্রশংসা বিভিন্ন ক্ষেত্রে করে থাকেন। ২০১৮ সালের ভারতীয় ক্রিকেটের পুরস্কার বিতরণ অনুষ্ঠান 'নমনে' দুই দলের খেলোয়াড়রা একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। একদিকে যেমন বিরাট বলেছিলেন ভারতীয় মহিলারা এখন যে পর্যায়ে ক্রিকেট খেলছে তা সত্যি প্রশংসার যোগ্য। অন্যদিকে বিরাটের মতো ফিটনেস ধরে রাখার চেষ্টা করেন বলে জানিয়েছিলেন স্মৃতি মান্ধানা।
এমনকী ভারতীয় দলের জার্সির বিজ্ঞাপনে বিরাট, ধোনিদের পাশেই এখন দেখা যায় মিতালি, হরমনপ্রীতদের। তাই দুই দলের একসঙ্গে সিরিজ খেলার পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেট জগত।