দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কার দোলাচল ছিল। ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketers) কি সবাই কোভিড (Covid) নেগেটিভ হবেন, এই নিয়ে আলোচনা চলছিল। কারণ দলের এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা ছিল।
এমনকি ভারতীয় বোর্ডের (Bcci) প্রেসিডেন্ট সৌরভ (Sourav) গঙ্গোপাধ্যায়ও এদিন জানিয়েছিলেন, ম্যাঞ্চেস্টারে (Manchester) হয়তো টেস্ট হবে না। কারণ ক্রিকেটারদের কেউ সংক্রমিত হলে ম্যাচ বাতিল ঘোষিত হবে।
সেই খবর রাতের দিকে এসেছে যে কেউই সংক্রমিত নন। টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটারই করোনা পজিটিভ নন। আরটি-পিসিআর টেস্টে ভারতের প্লেয়িং স্কোয়াডের কোনও সদস্যই পজিটিভ চিহ্নিত হননি। ম্যাঞ্চেস্টার টেস্ট নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে বাধা নেই।
শুক্রবার থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়ার কথা ভারত-ইংল্যান্ড চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। তবে বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা পজিটিভ চিহ্নিত হন। ফলে অনিশ্চয়তা তৈরি হয় ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে ওঠে যে, অনুশীলন থেকে ভারতীয় দলকে হোটেলে ফেরত পাঠানো হয়।