
শেষ আপডেট: 2 April 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: জার্মানি ফুটবলে অভিনব ঘটনা। কয়েকদিনের মধ্যেই ইউরো কাপের দামামা বাজবে। এবার ইউরোর আসর বসবে জার্মানিতেই। আয়োজক দেশ হিসেবে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের দেশে। ১৫ জুন থেকে ইউরো কাপ শুরু হবে।
ইতিমধ্যেই জার্মানি ফুটবল সংস্থা জাতীয় দলের জার্সি উদ্বোধন করেছে। ওই জার্সির মধ্যে হিটলারের নাৎসি বাহিনীর প্রতীকের সন্ধান মিলেছে। বিশেষ করে ৪৪ নম্বর জার্সিতে দুটি ফোর এমনভাবে লেখা হয়েছে, সেটিতে ওই প্রতীক আরও ভাল করে বোঝা যাচ্ছে।
ওই ধরনের জার্সি পরে জার্মান ফুটবলাররা একটি ম্যাচও খেলে ফেলেছে। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে জার্মান দলটি।
ওই জার্সিতে নাৎসি পার্টির যে নকশা থাকে, সেটি হুবহু ব্যবহার করা হয়েছে। জার্মানির বিখ্যাত ইতিহাসবিদ মাইকেল কোনিগ প্রথম এই জার্সি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ওই জার্সিটির নকশা খুবই সন্দেহজনক।
এছাড়াও জার্সির গোলাপি রঙ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। সমর্থকরা বলছেন যে এটি জার্মানির বৈচিত্র্যকে প্রতিফলিত করছে।
জার্মান ফুটবল সংস্থা ডিএফবি এক বিবৃতিতে বলেছে, ‘ডিএফবি ০-৯ পর্যন্ত সংখ্যাগুলো চেক করে দেখেছে। এরপর ১-২৬ নম্বর পর্যন্ত সংখ্যার জার্সিগুলি সমীক্ষা করার জন্য উয়েফার কাছে জমা দিয়েছিল। প্রথমে তারাও কিছু আপত্তি জানায়নি। এই জার্সি যারা বানিয়েছে, সেই অ্যাডিডাস সংস্থা জানিয়েছে, আমাদের জার্সি নিয়ে দেশের ফুটবল সংস্থা যে নকশা দিয়েছিল, সেটাই আমরা করে দিয়েছি। এরসঙ্গে নাৎসির যোগ থাকবে সেটি আমরা বুঝব কী করে!