
অনিল কুম্বলে ও গৌতম গম্ভীর।
শেষ আপডেট: 15 June 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: আজ শনিবার সকালেই ভারতীয় ক্রিকেটে গুজব রটে যায়, ভারতের কোচের পদে গৌতম গম্ভীর নিশ্চিত হয়ে গিয়েছেন। এই নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়ে যায়।
ভারতীয় দল এদিনই টি ২০ বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে খেলতে নামবে ফ্লোরিডায়। তার আগে বোর্ড কী করে গম্ভীরকে কোচ করার কথা ঘোষণা করল, সেই নিয়ে আলোচনাও শুরু হয়ে যায়।
একটা মেগা ইভেন্টের মধ্যে নয়া কোচের ঘোষণায় দলের ক্রিকেটারদের ফোকাস নড়ে যেতে পারে। তেমনই বলছে ক্রিকেটমহলের একাংশ। তাদের মতে, আধুনিক ক্রিকেটে সবাই যতই পেশাদার হোন না কেন, এও ঠিক বড় ঘোষণার প্রভাব দলে পড়তেই পারে।
বেলা বাড়তে সেই আলোচনা থামলেও অনিল কুম্বলের বক্তব্য ঘিরেও গুঞ্জন তৈরি হয়েছে। ভারতীয় দলের প্রাক্তন কোচ এদিনই জানিয়েছেন, ‘‘গম্ভীর কোচ হলে ভাল কথা। ফ্রাঞ্চাইজি দলের কোচ ও অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছে। ওঁর কাজের ধরনও জানি, কিন্তু আমি এটাও বলব যে, ভারতের কোচিং একেবারেই আলাদা। সেই অভিজ্ঞতা রয়েছে বলেই জানাতে পারি, কাজটি কিন্তু সহজ নয়।’’
কেকেআর দলের মেন্টরকে যে ভারতের কোচ হিসেবে সময় দিতে হবে, সেটিও বলেছেন কুম্বলে। যিনি ভারতের কোচ থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে তাঁর বিতর্ক হয়। কুম্বলে নিজেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। পূর্ব অভিজ্ঞতা থেকেই কুম্বলে বলেছেন, ‘‘গৌতম ভারতের কোচের দায়িত্ব পেলে ওকে সময় দিতে হবে। কারণ বর্তমান দলের অনেকেই কেরিয়ারে শেষে চলে এসেছে। গৌতমকে আগামী দিনের প্রতিভা বাছাই করতে হবে, কাজটি কিন্তু সহজ নয়।’’