দ্য ওয়াল ব্যুরো: পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কুইন্সল্যান্ডে গেছিলেন। অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে ছেলের সঙ্গে নেমেছিলেন সার্ফিং করতে। উথালপাথাল ঢেউয়ের মাঝে পড়েই ঘটল বিপত্তি। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার ম্যাথিউ হেডেন।
শুক্রবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছিলেন, “ছেলের সঙ্গে সার্ফিংয়ে নেমেছিলাম। দারুণ রোমাঞ্চ। স্ট্রাডি ব্যাক ব্যাঙ্কে দ্বিতীয় স্থানে শেষ করলাম।” কিন্তু রবিবারই ঘটে যায় বিপত্তি। ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দুটি ছবি। যা দেখে অনেকেই আঁতকে উঠেছেন। কপাল ভেসে যাচ্ছে রক্তে। হাসপাতালের বিছানায় শোয়া একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একদা অসি ব্যাটিং লাইন-আপের পিলার।
তিনি লিখেছেন, “যেন গুলির মুখ থেকে ফিরে এলাম।” ৪৬ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার তাঁর ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, ঘাড়ের সি-৫, সি-৬ লিগামেন্ট ছিঁড়ে গেছে। সি-৪ লিগামেন্টেও সামান্য আঘাত রয়েছে। মেরুদন্ডও ভেঙেছে বলে ইনস্টাগ্রামে লিখেছেন হেডেন। ফেটেছে কপালও। রবিবার রাতে করা ইনস্টা পোস্টে হেডেন সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন।
কিন্তু তিনি কি আর সমুদ্রে নামবেন?
একটি পশ্চিমী সংবাদমাধ্যমকে হেডেন বলেছেন, “চিকিৎসা চলছে। সেরে উঠব। আবার ফিরব সমুদ্রের বুকে। নামব সার্ফিংয়ে।”
২০০৩ সালে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৩৮০ রান করে বিশ্ব রেকর্ড করেছিলেন হেডেন। কিন্তু সেই রেকর্ড ছ’মাসও টেকেনি। ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ড ভেঙে দিয়েছিলেন ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা। ২০০৯ সালে ক্রিকেটকে বিদায় জানান হেডেন। জায়গা করে নেন অস্ট্রেলিয় ক্রিকেটের হল অফ ফেমেও।
https://www.instagram.com/p/BooQT4wgIz4/?utm_source=ig_embed
https://www.instagram.com/p/BokSUw_gsA4/?utm_source=ig_embed