
শেষ আপডেট: 5 March 2024 15:16
দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনা দল তে বটেই, সারা বিশ্বের যে কোনও দলের কাছে বলিভিয়ার লা পাজে খেলা চিন্তার বিষয়। একবার লিওনেল মেসি বলেছিলেন, লা পাজে খেলতে গেলে সবার পিঠে অক্সিজেন সিলিন্ডার থাকা উচিত।
আটলান্টিক মহাসাগরের উপরে এই দেশে খেলতে গেলে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভোগেন ফুটবলাররা। এবার লা পাজের মতো না হলেও সাড়ে ১২ হাজার ফুট উচ্চতায় ফুটবল খেললেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
পূর্ব সিকিমের প্রত্যন্ত গ্রাম গ্যানাথাং ও কুপুপ অঞ্চলে এই ফুটবল ঘিরে সাড়া পড়ে গিয়েছিল। যে অঞ্চলে সেনাদের বুটের টহলের আওয়াজ অনবরত শুনতে পাওয়া যায়, বারুদের গন্ধে মাতোয়ারা থাকে। সেখানে জোগো বোনিতো (সুন্দর ফুটবল) দেখল অঞ্চলের মানুষ। গ্রামবাসীদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত ছিল না।
এই ম্যাচের ফল নিয়ে কারও কোনও উৎসাহ ছিল না। কারণ যেখানে সবসময় একটা চাপা উত্তেজনা থাকে। যেখানে নয়নাভিরাম পাহাড়ের কোলে বন্দুকের আওয়াজ শোনা যায়, সেখানে ফুটবল খেলছেন বিএসএফের কর্মীরা। এখানে ফুটবল সংঘটন করার একটাই উদ্দেশ্য, গ্রামবাসীদের সঙ্গে জওয়ানদের একটা মানসিক সেতুবন্ধন।
একদিকে কনকনে ঠান্ডা অপরদিকে সাদা চাদরে মোড়া বরফের আচ্ছাদন তার মধ্যেই চলে ফুটবল খেলা। অপারেশন সদভাবনা, ত্রিশক্তি কর্পস, ভারতীয় সেনাবাহিনীর অংশ হিসেবে ভারত-চিন সীমান্ত বরাবর পূর্ব সিকিমের নথাং এবং কুপুপের সীমান্ত গ্রামগুলির মধ্যে এই ফুটবল ম্যাচ উন্মাদনার সৃষ্টি করেছে।
জাতীয়তাবাদ, ঐক্য এবং সৌহার্দ্যের বোধ প্রচার করার সঙ্গে সঙ্গে সামরিক বাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে এই ইভেন্টের উদ্দেশ্য।