ঘরের ছেলের বিরুদ্ধেই ঘরোয়া লিগ শুরু ইস্টবেঙ্গলের
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল-টালিগঞ্জ ম্যাচ যেন মিথ হয়ে উঠছে ময়দানে। সব ছাপিয়ে জায়গা করে নিচ্ছে কোচের লড়াই। পর পর দু'বার। গতবার ইস্টবেঙ্গলের ডাগআউটে ছিলেন খালিদ জামিল। আর টালিগঞ্জ বেঞ্চে সুভাষ ভৌমিক। আর এ বার ইস্টবেঙ্গলে সুভাষ ভৌমিক আর টালিগ
শেষ আপডেট: 2 August 2018 17:57
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল-টালিগঞ্জ ম্যাচ যেন মিথ হয়ে উঠছে ময়দানে। সব ছাপিয়ে জায়গা করে নিচ্ছে কোচের লড়াই। পর পর দু'বার। গতবার ইস্টবেঙ্গলের ডাগআউটে ছিলেন খালিদ জামিল। আর টালিগঞ্জ বেঞ্চে সুভাষ ভৌমিক। আর এ বার ইস্টবেঙ্গলে সুভাষ ভৌমিক আর টালিগঞ্জে মনোরঞ্জন ভট্টাচার্য।
ইস্টবেঙ্গলে যাঁরা ঘরের ছেলে বলে পরিচিত তাঁদের মধ্যে সবার উপরে মনোরঞ্জন। আর কালকে নিজের প্রিয় ক্লাবের বিরুদ্ধেই অসীম বিশ্বাসদের ভোকাল টনিক দেবেন মনা। যদিও মনোরঞ্জন এ ভাবে বিষয়টাকে দেখছেন না। তাঁর কাছে এটা একদম পেশাদার ব্যাপার। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, "আমি তো আগেও পোর্টট্রাস্টে কোচিং করিয়েছি। এটা তো নতুন নয়।"
সুভাষ ভৌমিক ইতিমধ্যেই জানিয়েছেন শুরু থেকে আল আমনাকে খেলাবেন না। প্রয়োজন পড়লে তবেই নামাবেন। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। মিনার্ভা থেকে অন্য বিদেশি কাসিম আয়দারার এনওসি এসে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলেই আইএফএ অফিসে গিয়ে লাল-হলুদে সই করেন তিনি। সঙ্গে রয়েছে দেশিয় ফুটবলার। মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে এসে শুক্রবারে প্রথম একাদশে থাকতে পারেন কিংশুক দেবনাথ।
অন্যদিকে মনোরঞ্জনের টালিগঞ্জের কাছেও রয়েছে দেশি-বিদেশি কম্বিনেশন। ড্যানিয়েল বিদেমি, লাগো ও রিচার্ডের পাশাপাশি দেশি ফুটবলারদের মধ্যে রয়েছেন অসীম বিশ্বাস, রাকেশ মাশি, গৌতম কুজুররা। প্রথমবার নৈশালোকে খেলা হবে ইস্টবেঙ্গল মাঠে। ময়দান তাকিয়ে ভোম্বল-মনার স্ট্র্যাটেজির দিকে।