
শেষ আপডেট: 4 December 2023 22:14
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে ইস্টবেঙ্গলের সোনার প্রত্যাবর্তন। চার ম্যাচে তাদের জয় ছিল না। কিন্তু সোমবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লাল হলুদ দল সব সুদে-আসলে পুষিয়ে দিয়েছে। তারা ৫-০ গোলে চূর্ণ করল নর্থ ইস্টকে।
লাল হলুদের হয়ে জোড়া গোল করেছেন নন্দকুমার ও ক্লেটন সিলভা ও বোরহা হেরেরা।
চলতি আইএসএলে নিজেদের প্রথম ৬ ম্যাচে ১টি জয় তুলে নিতে পেরেছিল ইস্টবেঙ্গল। ড্র করেছিল ২টি ম্যাচ। তারা পরাজিত হয়েছে ৩টি ম্যাচে। সাকুল্যে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে থাকা লাল-হলুদ শিবিরের ঘরের মাঠে লড়াই ছিল নর্থ ইস্টের। বিরতির আগে লাল হলুদ দল মাত্র দুটি গোল করতে পেরেছে। বাকি তিনটি গোল করল দ্বিতীয়ার্ধে।
এই ম্যাচে দারুণ খেলেছে লাল হলুদ দল। কোচ কার্লোস শুরু থেকেই আক্রমণের কৌশল নিয়েছিলেন। তিনি সফল হয়েছেন সেই কাজে। দলের ফুটবলারদের সেইমতো আক্রমণের ছক কষে দিয়েছিলেন।
দলের প্রতিটি ফুটবলারই নিজেদের ছাপিয়ে গিয়েছেন। নন্দকুমার, ক্লেটন বুঝিয়ে দিয়েছেন তাঁরা বাকি আসরেও নিজেদের ছাপিয়ে যাবেন। কোচ দলবদল করে সুফলও আদায় করেছেন ম্যাচে।
বিরতির পরে ইস্টবেঙ্গল আরও ভাল খেলেছে। নন্দকুমার নামার পরে আক্রমণের বহরও বেড়েছে। ৬২ মিনিটে নন্দকুমার ৩-০ করে যাওয়ার চার মিনিটের মধ্যেই ক্লেটন ফের গোল করেন। ৮১ মিনিটে নন্দকুমার নিজের দ্বিতীয় গোলটি করেন বুদ্ধিকে কাজে লাগিয়ে। পাঁচ গোলের লজ্জা নিয়ে বিপক্ষ দল মাঠ ছাড়ে। অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টের ফল ভাল নয়। আবারও তা প্রমাণ হল। লাল হলুদ দল বড় ব্যবধানে জিতে বাকি লিগের জন্য অক্সিজেন পেয়ে গেল।