
শেষ আপডেট: 28 October 2023 14:54
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন ডেভিড ওয়ার্নার। ৩৭ বছর বয়সেও তিনি ব্যাট করছেন তরুণ ক্রিকেটারদের মতোই। বাঁহাতি অজি ব্যাটারের রানের খিদে দেখলে কে বলবে, তিনি হয়তো আর দু'তিন বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন!
শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জ্বলে উঠেছিল ওয়ার্নারের ব্যাট। ৬৫ বলে ৮১ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন অন্যতম বিশ্ব সেরা ক্রিকেটার কেন তাঁকে বলা হয়। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি চার নম্বরে। ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকে।
এদিনের ম্যাচে ডেভিড ওয়ার্নার নেমেইছিলেন রেকর্ড তৈরি করার লক্ষ্য নিয়ে। এই ম্যাচের শুরুতে বিশ্বকাপে ওয়ার্নারের রান ছিল ২৩ ইনিংসে ১৩২৪। ধরমশালায় কিউয়িদের বিরুদ্ধে ৮১ রানের দৌলতে বিশ্বকাপে ১৪০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ওয়ার্নার। সেই সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলিকে টপকে গেলেন তিনি। ওয়ার্নারের আগে রয়েছেন কুমার সঙ্গকারা, রিকি পন্টিং এবং শচীন তেন্ডুলকার।
শুধু একা ওয়ার্নার নয়, এই ম্যাচে অন্য অজি ওপেনার ট্রেভিস হেডও রান পেয়েছেন। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেললেন হেড। মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। বুঝিয়ে দিলেন কেন অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট হেডের চোট থাকা সত্ত্বেও স্কোয়াডে রেখেছিল।
ট্রেভিস বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা ওপেনার। এদিন ম্যাচ শুরু থেকেই দুই ওপেনারের ব্যাটে রানের ফুলঝুরি ফুটেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরান করেন হেড। ২৫ বলে ৫০ করেন তিনি। সেখানেই থেমে যায়নি হেডের ব্যাট। এদিন ৬৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেন ট্রেভিস।