
শেষ আপডেট: 14 June 2021 02:01
তবে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে দেখা গেল সেলেকাওদের। ব্রাজিলকে যেমন দেখতে চায় দুনিয়া। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলতে খেলতে বিপক্ষের বক্সে ঢুকে পড়া, দৃষ্টিনন্দন ফুটবল। এরকমই ৬৩ মিনিটের মাথায় নেমারের ডিফেন্স চেরা থ্রু বক্সের মধ্যে রিসিভ করে ভেনেজুয়েলার ডিফেন্ডারকে ডিঙিয়ে যাচ্ছিলেন রিচার্লিসন। তাঁকে অবৈধ ভাবে ধাক্কা মারায় পেনাল্টি পায় ব্রাজিল। গোলরক্ষককে উল্টোদিকে ফেলে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন নেমার।
এরপর আর ভেনেজুয়েলা টিমের খেলায় ফেরা সম্ভব ছিল না। তা ছাড়া গোটা ম্যাচে অধিকাংশ সময়েই বলের দখল ছিল ব্রাজিলের। তিতের দলের ডিফেন্সকে সেভাবে পরীক্ষার মধ্যে পড়তে হয়নি প্রথম ম্যাচে।
জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর আরও আক্রমণে ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। দুটো উইং দিয়ে নিজেদের মধ্যে ওয়াল খেলে বারবার ভেনেজুয়েলা বক্সে ঢুকে পড়েন হলুদ-সবুজ জার্সিধারীরা। ৮৮ মিনিটে নেমার সোলো রান করে বক্সে ঢুকে পড়েন বল নিয়ে। আগুয়ান গোলরক্ষককে এড়িয়ে ঠিকানা লেখা সেন্টার রাখেন পিএসজি তারকা। বুক দিয়ে শুধু গোলে রেখে দেন পরিবর্ত হিসেবে নামা গাবি।
সন্দেহ নেই প্রথম ম্যাচে ব্রাজিল যে ফুটবল খেলল তা আশা জাগানোর মতোই। যদিও পর্যবেক্ষকদের মতে ভেনেজুয়েলা তেমন শক্তিধর টিম নয়। তা ছাড়া প্রথম একাদশের অনেক খেলোয়াড় সহ মোট ১২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। ফলে ভেনেজুয়েলার যে টিম খেলেছে তাকে দ্বিতীয় দল বলা চলে।