
শেষ আপডেট: 21 November 2023 14:43
দ্য ওয়াল ব্যুরো: কাতারে বিশ্বকাপ জিতে লিওনেল মেসির বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এবার আরও একটি ইচ্ছেপূরণের জন্য বুধবার ভোরে মারাকানা স্টেডিয়ামে নামবেন ফুটবল রাজপুত্র। ব্রাজিলের বিরুদ্ধে এতদিনেও কোনও গোল নেই মেসির। সেটি এবার পূরণ করতে চান।
ব্রাজিলের এই বিখ্যাত স্টেডিয়ামে ভারতীয় সময়ে সকাল ছ’টায় আর্জেন্টিনা নামবে ঘরের দলের বিরুদ্ধে খেলতে। প্রি ওয়ার্ল্ড কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ফেভারিট দল হিসেবে নামবে। সেদিক থেকে নেমারহীন ব্রাজিল অনেকটাই নড়বড়ে। এই ম্যাচটি ভারতের কোনও শহর থেকেই টিভিতে সরাসরি দেখা যাবে না। জিও অ্যাপের মাধ্যমে দেখা যাবে।
কাতার বিশ্বকাপ জয়ের পর এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে আর্জেন্টিনা। কেউ যেন থামানোর নেই তাদেরকে। যদিও, গত সপ্তাহেই মেসিদের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছে উরুগুয়ে। আর্জেন্টিনার মাঠে গিয়েই ২-০ ব্যবধানে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল রোনাল্ড আরাউজো এবং ডারউইন নুনেজরা।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর এটাই এই প্রথম হার মেসিদের। না হলে লিওনেল স্কালোনির দলটিকে অপ্রতিরোধ্যই মনে হচ্ছে।
বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে সবচেয়ে হতশ্রী সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে এবারই প্রথম টানা দুই ম্যাচ হেরেছে তারা। এমনটা এর আগে কখনও হয়নি সেলেকাওদের। সব মিলিয়ে শেষ তিন ম্যাচে তাদের এসেছে মাত্র ১ পয়েন্ট।
অপ্রতিরোধ্য আর্জেন্টিনা যেহেতু সর্বশেষ ম্যাচে হেরে গেছে, সেই জন্যই জয়ের জন্য মরিয়া মেসিরা। রিওর মারাকানা স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য ৭০ হাজার টিকিটের কিছুই পড়ে নেই। সব হু হু করে বিক্রি হয়ে গিয়েছে।
একে তো চোটের কারণে নেমার নেই দলে। তারওপর, ভিনিসিয়াস জুনিয়রও খেলতে পারবেন না এই ম্যাচে। তাহলে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচে কী করবে ব্রাজিল?
অন্যদিকে পরিসংখ্যান আবার তাদের আশা জোগাচ্ছে। কারণ, ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে কখন হারেনি ব্রাজিল। কিন্তু এবার দলের অবস্থা সুবিধের নয়, তাই চিন্তা থাকছেই।
শুধু নেমার, ভিনিসিয়াসই নন, ইনজুরির কারণে বুধবার ভোরের ম্যাচে দলে নেই কাসেমিরো, এডার মিলিতাও, এডারসন ময়েস এবং দানিলোও। কাতার বিশ্বকাপে দুরন্ত গোল করা রিচার্লিসনই দলের বড় ভরসা।
আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না ব্রাজিল কোচ দিনিজ। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন এই কোচ বলেছেন, ‘দল কী অবস্থায় আছে, সেটা বুঝেই পরিকল্পনা সাজাচ্ছি। এই মুহূর্তে আমাদের দরকার জয়ে ফেরা। জানি, সেটা সহজ হবে না। আর্জেন্টিনা দারুণ খেলছে, ওদের বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে।’
পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। শীর্ষস্থান ধরে রাখতে হলে ব্রাজিলের বিপক্ষে জিততে হবে তাদের।
উরুগুয়ের কাছে হারের ক্ষত ভুলে ছন্দে ফিরতে মুখিয়ে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বলেছেন, ‘আমাদের ওই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে হবে এবং সামনের চ্যালেঞ্জ নিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে। পাঁচ দিনের ব্যবধানে দুটি কঠিন ম্যাচ। ব্রাজিল সব সময় বিপজ্জনক দল। দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে।’
মারাকানায় মারিয়ার স্মরণীয় মুহূর্ত রয়েছে। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে তাঁর একমাত্র গোলেই ব্রাজিলকে হারিয়ে উৎসবে মাতে আর্জেন্টিনা। এবারও দলকে জেতাতে নিজেকে উজাড় করে দিতে চান এই উইঙ্গার। তিনি জানিয়েছেন, ‘ব্রাজিলের মাটিতে তাদের হারানো আমাদের জন্য দারুণ কিছু। এটা আমরা সব সময় করতে চাই। এবারও আমাদের লক্ষ্য ৩ পয়েন্ট নিয়ে ফেরা।’