
শেষ আপডেট: 25 October 2023 00:40
দ্য ওয়াল ব্যুরো: শারদোৎসবের নবমীর দিন চিরবিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম পুরোধা বিষাণ সিং বেদীর। তিনি ৭৭ বছর বয়সে দিল্লিতে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। গত দু’বছর আগে বাইপাস সার্জারি হয়েছিল।
মঙ্গলবার বেদীকে চোখের জলে বিদায় দিলেন তাঁর থেকে জুনিয়র ক্রিকেটারদের দল। সেই তালিকায় ছিলেন কপিলদেব থেকে মদনলাল, কিংবা আজহারউদ্দিন থেকে অজয় জাদেজা, কিংবা বীরেন্দ্র সেওয়াগরাও। এমনকী এসেছিলেন নবাব পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুরও।
সর্দার অব স্পিনের বিদায়কে মানতে পারছেন না বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল। তিনি বারবার চোখের জল ফেলেছেন। তাঁকে সান্ত্বনা দিয়েছেন শর্মিলা ঠাকুর। এমনকী শর্মিলাকে দেখা যায় হাত চেপে রেখে কথা বলতে বেদীর স্ত্রী অঞ্জুর সঙ্গেও।
বেদীর শেষযাত্রায় কপিলকে সমবেদনা জানাচ্ছেন নবাব পত্নী শর্মিলা। মঙ্গলবার দিল্লিতে।
বেদীর শেষযাত্রায় দেখা গিয়েছে আশিস নেহেরা, মুরলী কার্তিক, কীর্তি আজাদরাও। বেদী পুত্র অঙ্গদের প্রতি সহানুভূতি জানান সকল তারকাই। চোখের জলে বিদায় জানান অঙ্গদের অভিনেত্রী স্ত্রী নেহা ধুপিয়াও।
১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নেন তিনি। ১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন। বেদী ছিলেন ভারতের অধিনায়কও। তিনি নবাব পতৌদির খুব কাছের মানুষ ছিলেন।
বেদী ছাড়াও আরও তিন স্পিনার ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন ধরে সেবা করে গিয়েছেন। প্রসন্ন, চন্দ্রশেখর ও বেঙ্কটরাঘবনরা। বেদী নেতৃত্ব থেকে সরার পরেই ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে আবির্ভাব ঘটে সুনীল গাভাসকারের।