
শেষ আপডেট: 21 March 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবলের ইতিহাস এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে স্থান পাচ্ছে। আরও ভাল করে বললে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের ইতিহাসও জানতে পারবে পড়ুয়ারা।
শুধ তাই নয়, বঙ্গ ক্রিকেটের ইতিহাসও একটা পরিচ্ছদে থাকবে। এমনকী আইএফএ-র প্রতিষ্ঠা কীভাবে হয়েছে, সেটিও লিপিবদ্ধ থাকবে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় শারীরশিক্ষা লিখিত পাঠ্যক্রমে খেলার এই ইতিহাস বর্ণিত থাকবে।
মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান, বাংলা ফুটবলকে দিনের পর দিন সমৃদ্ধ করে গিয়েছে তিনটি বড় ক্লাব। মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল উত্তর কলকাতা ও ফরিয়াপুকুর অঞ্চলের মিত্তির বাড়িতে। সেই ইতিহাস তুলে ধরা হয়েছে বইতে। তিনটি বড় ক্লাবের আলোচনার পাশে আরও কিছু ময়দানের ক্লাবের উত্থানের গল্পও রয়েছে। যেমন, এরিয়ান, শোভাবাজার, কুমারটুলি ক্লাবের উঠে আসার কাহিনিও লেখা থাকবে।
মোহনবাগানের পাশে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা, তাদের দলের বেশকিছু তারকার পরিচিতিও বইতে থাকবে। ১৯২০ সালে রায়বাহাদুর তড়িৎভূষণ রায়ের বাড়িতে একটা বৈঠকের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা হয়। মহামেডান ক্লাবের ক্ষেত্রেও একই বিষয়। কীভাবে জুবিলি ক্লাব থেকে মহামেডান ক্লাবের নামবদল হয়েছে, সেটি উল্লেখ থাকবে বইতে।
১৯১১ সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয় ব্রিটিশ দল ইস্ট ইয়র্ককে হারিয়ে। পাশাপাশি ইস্টবেঙ্গল প্রথম ট্রফি জিতেছিল হারকিউলিস কাপে। সেই ইতিহাসও থাকবে। মহামেডানের পরপর পাঁচবার লিগ জয়কেও ঐতিহাসিক অ্যাখ্যা দেওয়া হয়েছে।
তিন ক্লাবের কর্তারাই এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কাছে প্রস্তাব যেতেই সেটি তিনি বিবেচনার জন্য পাঠিয়ে উচ্চশিক্ষা পর্ষদের কাছে। তারা সবুজ সংকেত দিতেই সেটি পাঠ্যক্রমে স্থান পাচ্ছে।